- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘ডাক’ থেকে অপরাজিত ১৬৬-মেন্ডিসেই আফসোস মিরাজের

সু.খবর ডেস্ক
‘ইশ! যদি বলটা নো না হতো!’ দিন শেষে মেহেদী হাসান মিরাজের আক্ষেপ এটি। আসলে পুরো বাংলাদেশেরই। কোন নো বলের কথা বলা হচ্ছে, খেলা দেখে থাকলে সেটি বুঝে গেছেন। দিনের ষষ্ঠ ওভারের পঞ্চম বল। আগের বলেই শ্রীলঙ্কা ওপেনার উপুল থারাঙ্গাকে বোল্ড করলেন শুভাশিস রায়। পরের বলে নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিসও ক্যাচ দিলেন উইকেটকিপার লিটন দাসের হাতে। লিটন ক্যাচটা ধরলেনও। কিন্তু দুর্ভাগ্য! ওভার-স্টেপ করেছেন শুভাশিস, নো বল!
প্রথম বলে শূন্য রানে আউট হতে পারতেন যিনি, সেই মেন্ডিসই দিন শেষে অপরাজিত ১৬৬ রানে। শ্রীলঙ্কাও প্রথম দিন শেষে ৪ উইকেটে করে ফেলেছে ৩২১! মিরাজের আফসোসটাও এ কারণেই।
দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি অফস্পিনার বললেন, ‘ও ‍(মেন্ডিস) যদি আউট হয়ে যেত খেলাটা অন্যরকম হয়ে যেত। এটা আসলে দূর্ভাগ্য। আমরা আমাদের সেরাটা করার চেষ্টা করেছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে তো কেউ নো বল করে না। হয়ে যায়।’
৯২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে মেন্ডিস-গুনারত্নের ১৯৬ রানের জুটিই হতাশ করেছে বাংলাদেশকে। ভালো শুরুটা এভাবে হতাশায় মিলিয়ে যাওয়া নিেয় মিরাজের ব্যাখ্যা, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। বোলাররা শুরুতে খুব ভালো বল করেছে। বিশেষ করে শুভাশীষ দা ও তাসকিন ভাই খুব ভালো বোলিং করেছে। মুস্তাফিজও শুরুটা খুব ভালো করেছে। তারপর ওদের জুটি হয়েছে। স্পিনাররা ওরকম কোনো হেল্প পাচ্ছে না। আমিও বল করেছি, সাকিব ভাইও বল করেছেন। ওরকম কোনো হেল্প পাচ্ছি না।’
তবে এখান থেকেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর আশা মিরাজের, ‘ওদের টপ অর্ডারের চার ব্যাটসম্যান পড়ে গেছে। এখন দুই সেট ব্যাটসম্যান আছে। কালকে যদি এদের উইকেট তাড়াতাড়ি নিতে পারি তাহলে ওদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা চলে আসবে। আমাদের লক্ষ্য থাকবে রান চেক দিেয় সকালে ওদের সেট দুই ব্যাটসম্যানের উইকেট নেওয়া।’

  • [১]