- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডা. গৌতমের সুস্থ্যতা কামনায় মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা, ডা. মঈনের আত্মার শান্তি কামনা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের উপপরিচালক ‘গৌতম ডাক্তার’এর সুস্থ্যতা কামনায় (ডা. গৌতম রায়’এর) শুক্রবার সুনামগঞ্জ শহরের বিভিন্ন মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শহরের তেঘরিয়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেরেনুর আলী জানান, ডা. গৌতম রায়কে সুনামগঞ্জের মানুষ ভালবাসেন। মানবিক এই মানুষটি করোনাযুদ্ধে লড়ছেন। তার অসুস্থ্যতার খবরে মর্মাহত মুসুল্লিরা জুময়ার নামাজের পর দোয়ায় অংশ নেন। সকলেই তার সুস্থ্যতা কামনা করেন।
শহরের রামকৃষ্ণ মিশনে সকাল ১১ টায় ডা. গৌতমের সুস্থ্যতা কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন, সকাল ১১ টায় অনেকেই রামকৃষ্ণ মিশনের এই প্রার্থনা সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে যুক্ত হন। ডা. গৌতমের সুস্থ্যতা কামনার পাশপাশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ছাতকের ডা. মঈন উদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া শহরের জগন্নাথবাড়িসহ অন্যান্য মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় একইভাবে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শহরের কোর্ট মসজিদে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ছাতকবাসীর প্রিয় চিকিৎসক মঈন উদ্দিনের বিদেহী আত্মার শান্তি এবং ডা. গৌতম রায়সহ করোনা আক্রান্তদের আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার মসজিদের ইমাম, মন্দিরের সেবাইত-পুরোহিতসহ যে যেখানে থাকবেন সকলকে আজ শুক্রবার ডা. গৌতমের জন্য দোয়া ও প্রার্থনার জন্য আহ্বান জানিয়েছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
শুক্রবার দুপুর ১২ টায় ডা. গৌতম রায় এ প্রতিবেদককে জানিয়েছেন, তিনি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের ডরমিটরিতেই আইসোলেশনে আছেন। সুস্থ্য আছেন। তাঁর শরীরে জ¦র ও সর্দি নেই। সামান্য কাশি রয়েছে।

  • [১]