- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ধর্মপাশায় প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা দিলেন ১২ পরীক্ষার্থী

ধর্মপাশা প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিতে ধর্মপাশায় প্রবেশপত্র ছাড়াই ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা দিয়েছে ১২ জন পরীক্ষার্থী। শনিবার উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ধর্মপাশা ডিগ্রি কলেজের ওই ১২ জন পরীক্ষার্থী স্বাধীন বাংলাদেশের অদ্ভুদয়ের ইতিহাস বিষয়ে পরীক্ষায় অংশ নেয়।
জানা যায়, এবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে ধর্মপাশা ডিগ্রি কলেজ থেকে ২৫৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ গত মঙ্গলবার রাতে ২৪১ জন পরীক্ষার্থীর     প্রবেশপত্র ইন্টারনেট থেকে ডাউনলোড করে। বুধবার সকাল থেকে প্রবেশপত্র বিতরণ শুরু হলে ১২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসার বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসে। ফলে ওই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। পরে কলেজের অধ্যক্ষ পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত ই-মেইলে পাঠানো এক চিঠিতে ওই পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে ই-মেইলে পাঠানো চিঠিতে আরো উল্লেখ করা হয়, ধর্মপাশা ডিগ্রি কলেজের ওই পরীক্ষার্থীদের ফরম পূরণ হলেও কলেজ কর্তৃপক্ষ ডাটা এন্ট্রি না করায় প্রবেশপত্র ইস্যু করা হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বিশেষ বিবেচনায় এসব পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা রোববার নির্ধারিত ফি ও জরিমানা প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।   
ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আব্দুল করিম জানান, কলেজের ফরম পূরণের দায়িত্বে থাকা কমিটির সদস্যদের অসতর্কতার কারণে এমনটি হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র সচিব বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিক্রমেই এসব পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, এ সংক্রান্ত একটি চিঠির অনুলিপি পেয়েছেন তিনি।

  • [১]