স্টাফ রিপোর্টার
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজম খান বলেছেন, ‘আগের এনালগ পদ্ধতির দিন শেষ হয়ে গেছে। এখন সবকিছুই আধুনিক তথ্য প্রযুক্তির আওতায় ডিজিটালাইজেশন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতির কারণে পুরো পৃথিবীটাই এখন একটি আধুনিক গ্রামে পরিণত হয়েছে। এখন ঘরে বসে সারা পৃথিবীর খোঁজ খবর নেয়া যায় ও তথ্য-আদান করা যায়। ডিজিটাল পদ্ধতির কারণে সরকারি-বেসরকারি সকল কর্মকান্ডে গতিশীলতা বেড়েছে। গত ৮ বছরে বাংলাদেশ ডিজিটাল সুযোগ-সুবিধায় অনেক এগিয়ে গেছে।’
তিনি আরো বলেন,‘সময় ও তথ্য-প্রযুক্তির পরিবর্তনের সাথে নিজেকে মানানসই করতে ও বদলাতে হবে। যারা ডিজিটাল পদ্ধতির ব্যবহার ও সুযোগ-সুবিধা থেকে দূরে থাকবেন তারা পিছিয়ে যাবেন। তাই পিছিয়ে না থেকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। মন-মানসিকতার পরিবর্তন করে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি কমিশনার আমিনুল এহসান খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য-প্রযুক্তি) আইনুর আক্তার পান্না।
আলোচনা সভার পরে বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খানসহ অতিথিগণ। এর পর শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিগণ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪ প্যাভিলিয়ন ৩৬ স্টল রয়েছে। সরকারি ই-সেবা নামে প্রথম প্যাভিলিয়নে রয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অফিস ও জেলা প্রাণিসম্পদ অফিস, সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা প্রশাসক কার্যালয়, সুনামগঞ্জ প্রধান ডাকঘর, গৌরারং ইউনিয়ন ডিজিটাল সেন্টার, দরগাপাশা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সুনামগঞ্জ সদর উপজেলা, যুব উন্নয়ন অধিদপ্তর, দোহালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, রেডিও সুনামগঞ্জ। জনগণের দোরগোড়ায় সেবা নামে দ্বিতীয় প্যাভিলিয়নে রয়েছে সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেস, টেলিটক, ওয়ালটন, ব্র্যাক, ব্যাংকিং উইন্ডো, জয়িতা (জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর)।
শিক্ষা ও কর্মসংস্থান নামে তৃতীয় প্যাভিলিয়নে থাকছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ, সুনামগঞ্জ পৌর কলেজ, টেকনিক্যাল স্কুল ও কলেজ, পিটিআই, সুনামগঞ্জ উচচ বালিকা বিদ্যালয়, রঙ্গারচর হরিণাপাটী উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, আলহেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা, মুক্তপাঠ, এডুম্যান।