- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ডিজিটাল বাংলাদেশ গঠনে চন্দ্রনাথ হাইস্কুল একধাপ এগিয়ে -জেলা প্রশাসক

ছাতক প্রতিনিধি
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় একধাপ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ যে এগিয়ে যাচ্ছে এ বিদ্যাপীঠ তার উৎকৃষ্ট দৃষ্টান্ত। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার ক্ষেত্রে এই বিদ্যালয়ের ডিজিটাল পদ্ধতি সকলের মধ্যে অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বলেন,বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করে আমাদের শিক্ষা ক্ষেত্রে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ইন্টারনেট বা ফেইসবুক ব্যবহার করে এখন সময় নষ্ট করা উচিৎ নয়। এসব ব্যবহারের যথেষ্ট পরিমাণ সময় তোমাদের হাতে রয়েছে। তোমাদের মধ্য থেকেই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব  বেরিয়ে আসার অপেক্ষায় রয়েছে দেশবাসী। জেলার মধ্য ছাতক উপজেলা সর্বক্ষেত্রে এগিয়ে আছে মন্তব্য করে তিনি আরো বলেন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় পূর্ণাঙ্গ ডিজিটালাটাইজ পদ্ধতিতে পাঠদান এর উদাহরণ। তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য ১লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। গতকাল বুধবার দুপুরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে  স্থাপিত সিসি ক্যামেরা, ডিজিটাল সাউন্ড সিষ্টেম ও শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের বায়োমেট্রিক উপস্থিতির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আবরু মিয়া তালকদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম।

  • [১]