বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বর্ষিয়াণ রাজনীতিক প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তার বিপুল জয়ে পৃথক পৃথকভাবে অভিননন্দন জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী মুহিবুর রহমান মানিক এমপি, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কৃষক লীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহ্রিয়ার।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ড. জয়া সেন গুপ্তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সকলের নেতা ছিলেন প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত। তাঁর মৃত্যুতে আমরা যে শোকাহত হয়েছিলাম, তাঁর কিছুটা লাঘব হয়েছে দিরাই-শাল্লাবাসী ড. জয়া সেন গুপ্তাকে বিজয়ী করায়। দিরাই-শাল্লাবাসীকে হাজার সালাম জানাই। তাঁরা তাদের নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের নেত্রী ড. জয়া সেন গুপ্তাকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ড. জয়া সেন গুপ্তাসহ আমরা সুনামগঞ্জের সংসদ সদস্যরা এক সঙ্গে কাজ করবো। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবো।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ্ উদ্দিন সিরাজ বলেন, ‘এ বিজয় জঙ্গীবাদের বিরুদ্ধে, এ বিজয়
গণতন্ত্রের, এ বিজয় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেবার পক্ষে রায়’।
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের নির্বাচন সমন্বয়কারী মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন দেবার সঠিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিরাই-শাল্লাবাসী। দিরাই-শাল্লাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই নির্বাচনে যারা শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেছেন তাঁদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘দিরাই-শাল্লায় নৌকার বিজয়, শেখ হাসিনার বিজয় এবং গণতন্ত্রের বিজয় হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি বাড়ি’র কেন্দ্র ধনপুরে নৌকার পরাজয় ভাবার বিষয়, বিষয়টি দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন,‘নানামুখী ষড়যন্ত্র রুখে দিয়ে দিরাই-শাল্লাবাসী প্রমাণ করেছেন তাঁরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা এগিয়ে নিতে চান, তাঁরা তাদের প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তকে ভালবাসেন।’
কৃষক লীগের অ্যাড. শামীমা শাহ্রিয়ার ড. জয়া সেন গুপ্তার বিজয়কে অসাম্প্রদায়িক ধারার বিজয় হিসাবে আখ্যায়িত করে বলেছেন, ‘দিরাই-শাল্লাবাসী আমাদের আবারও ঋণি করলেন।’