- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি কমবে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে গতকাল বুধবার ‘তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা’ শীষর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনের দিনব্যাপী এই কর্মশালা হয়। এতে সদর উপজেলার সরকারি-বেসরকারি ২৮টি প্রতিষ্ঠানের তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অংশ নেন।
সুনামগঞ্জ সনাকের সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। অনুষ্ঠানে টিআইবি ও সনাকের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সনাক সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। সনাক সদস্য অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায়  এ ছাড়াও বক্তব্য রাখেন সনাক সদস্য এনামুল হক চৌধুরী ও সৈয়দুর রহমান, টিআইবির প্রশিক্ষণ বিভাগের কর্মকর্তা রুমানা আক্তার, স্বজন সদস্য মো. রাজু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। মানুষ যত জানবে তত সচেতন হবে। তাই কোনো তথ্য গোপন করা যাবে না। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। তাহলেই একদিন দেশ দুর্নীতিমুক্ত হবে।

  • [১]