স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন, তথ্য গোপন করে দুর্নীতির সুযোগ তৈরি করে দেবার কোন সুযোগ এখন আর নেই। হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ, জলমহাল, বালুপাথর মহাল সবকিছুরই তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে। অপরাধ যাতে না হয়, সেজন্য আগে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। অপরাধ সংগঠিত হবার পর অপরাধীকে সনাক্ত করে বিচারের আওতায় আনার চেয়ে দুর্নীতি করার আগে দুর্নীতিবাজ যাতে তৈরি না হয়, সেটি করতে পারলে দেশ, সমাজ, ব্যক্তি সকলের জন্যই ভাল হয়।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে), জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এমরান হোসেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, রাজনীতিক এনামুজ্জামান চৌধুরী, অধ্যক্ষ শেরগুল আহমদ, সাংবাদিক পঙ্কজ দে, বিজন সেন রায়, শামস শামীম, মাহতাব উদ্দিন তালুকদার, সেলিম আহমদ তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র প্রমুখ।
এর আগে সকাল ১০ টায় দুদক সচিব জেলা শিল্পকলা একাডেমী’র হাসনরাজা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
শিক্ষক সুমনা তালুকদারের সঞ্চালনায় সভায় জেলার প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান। বক্তব্য রাখেন- শিক্ষক এনামুল হক, নাসরিন আক্তার খানম, অঞ্জন কুমার দে, কানন বন্ধু রায়, চিত্ত রঞ্জন দাস, বিপ্লব দাস, রঞ্জিত কুমার পাল প্রমুখ।
সভায় দুদক সচিব বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য প্রধান শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রধান শিক্ষক স্কুলে আছেন কী-না তা নিশ্চিত হবার জন্য শিক্ষা বিভাগকে মোবাইল ট্র্যাকিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, সততা চর্চার ল্যাবরেটরি হিসাবে সুনামগঞ্জের ১৪৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হচ্ছে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। অভিভাবকের আর্থিক ক্ষমতা বা আয়’এর বেশি তার সন্তানের যেন কোন চাহিদা না থাকে, সেটিও শেখাতে হবে।
প্রধান শিক্ষকদের প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পেতে কোন হয়রানি মানা যাবে না। রূপালী ব্যাংকের সিওর ক্যাশ এজেন্ট সঠিক সময়ে টাকা দিতে না পারলে বা তারা কোন গাফিলতি করলে, এই কাজে অন্য কোন ব্যাংককে নিযুক্ত করা হবে।
শিক্ষকদের প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, শিক্ষক স্বল্পতা শীঘ্রই দূর হবে। নতুন নিয়োগ হওয়া শিক্ষককে তার বাড়ির পাশেই পদায়ন করা হবে। প্রধান শিক্ষকের পদ আপগ্রেড করার চিন্তা করছে সরকার।
তিনি বলেন, সুনামগঞ্জের শিক্ষার হার বাড়াতে এবং ভবিষ্যতে চাকুরি’র ক্ষেত্রে জাতীয় প্রতিযোগিতায় এই অঞ্চলের শিক্ষার্থীরা যাতে টিকে থাকতে পারে সেই উপযোগী করে গড়ে তুলতে হবে।
সভা শেষে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর’এর উদ্বোধনের মধ্য দিয়ে ৮৮১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর’এর উদ্বোধন করেন দুদক সচিব।