- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তথ্য প্রদানে হয়রানি করা যাবে না -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের যুগে সেবাগ্রহিতাদের সেবা ও তথ্য প্রাপ্তিতে কোনো হয়রানি বা অসহযোগিতা করা যাবে না। এখন দেশের প্রত্যন্ত অঞ্চল হতে জেলা প্রশাসকদেরকে জনগণ সেবার জন্য যোগাযোগ করতে পারছে, তথ্য জানতে পারছে এবং মোবাইলে দুর্নীতির রিপোর্ট করছে। যা আমাদেরকে সোনার বাংলা গড়তে সহযোগিতা করছে। সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে যাঁরাই কর্মরত আছেন তাঁরা যদি নিজেদের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে সেবাপ্রার্থী জনগণ কখনো হয়রানির শিকার হবেন না। প্রতিটি দপ্তরে বিনা বাধায়, বিনা হয়রানিতে বিনামুল্যে সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি আরোও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সর্বস্তরে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এই আইনের সুফল যেন জনগণ পায়। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে দুর্নীতি কমবে। এ জন্য সব কাজে নীতি, নৈতিকতা ও শুদ্ধাচারের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার সকালে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে তথ্যমেলায় ‘দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন’
শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এসব কথা বলেন তিনি।
এছাড়াও তিনি দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে স্বাক্ষর করেন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের স্টল পরিদর্শন করেন।
এর পূর্বে ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ এর আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের সততা ও মমতা থাকতে হবে। এই দুটি না থাকলে আপনি মানুষকে সেবা দিতে পারবেন না। সেবার মানসিকতা থাকলে যে কোনো দপ্তরে মানুষজন গিয়ে উপকার পাবে। সততা এবং মমতাকে সেবার অন্যতম পন্থা বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর দুর্নীতিরোধে বিশেষ ভূমিকা ও গুরুত্বের কথা উল্লেখ করেন।
সনাক সুনামগঞ্জের সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি খলিল রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য নুরুর রব চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের সহসভাপতি কানিজ সুলতানা।
তথ্যমেলায় আলোচনা পর্বের পর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তথ্য মেলায় সনাক সুনামগঞ্জের ইয়েস গ্রুপ পরিচালিত তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে প্রাথমিক ধারনা অর্জনের পাশাপাশি তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণের কৌশল সম্পর্কে হাতে-কলমে শেখানো হয়।
মেলায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), উপজেলা ভূমি অফিস (সুনামগঞ্জ সদর), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), জেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, খাদ্য বিভাগ, আয়কর অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, সমাজসেবা কার্যালয়, জেলা তথ্য অফিস, তথ্য কেন্দ্র (দক্ষিণ সুনামগঞ্জ), জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা সঞ্চয় অফিস, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড অংশগ্রহণ করে।

  • [১]