ইয়াকুব শাহরিয়ার, দ. সুনামগঞ্জ
খুড়িয়ে খুড়িয়ে চলা দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা বন্ধ হওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্তও গৃহিত হয়েছিলো।
শিক্ষকরা অন্যত্র যাওয়ার সিদ্ধান্তে মনস্থির করেছিলেন। পরিচালনা কমিটিতে ছিল দ্বন্দ্ব। এমন অচলাবস্থায় মাদ্রাসাটির যখন নাভিশ্বাস তখন গ্রামের তরুণরা উদ্যোগ নেন অর্থ সংগ্রহের। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তরুণরা উৎসাহ ও অর্থ দু’টোই পায়। এখন স্বাভাবিকভাবেই চলছে মাদ্রাসার কার্যক্রম।
বন্ধ হতে যাওয়া মাদ্রাাসাটিকে গত দুইমাস ধরে ক্যাম্পেইনের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছে ক্যাম্পেইন ফর বীরগাঁও মাদরাসা নাম নিয়ে একটি তরুণদল। অপ্রতুল চাহিদার মাঝে মাদ্রাসাটিকে ক্যাম্পেইন কমিটি প্রতিমাসে ৮ হাজার টাকা করে প্রদানের কথা। সেই অনুযায়ী গতমাসে ১৬ হাজার ও গতকাল শনিবার ৮ হাজার টাকা পরিচালনা কমিটির
সভাপতির কাছে হস্তান্তর করেন তারা।
৩৫০ শিক্ষার্থী নিয়ে টিন শেড, আধাপাকা ও পাকা ভবনসহ তিনটি ভবন নিয়ে অনেকদিন ধরে খুড়িয়ে খুড়িয়ে চলছে মাদ্রাসাটি। বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হলেও কাজের কাজ তেমন কিছুই হচ্ছিলো না। এমপিওভূক্তির জন্য অনেকবার প্রস্তাব করা হলেও অজ্ঞাত কারণে আটকে যাচ্ছে বার বার। বিভিন্ন মহল থেকে এ দাবিটি ক্রমশ জোড়ালো হচ্ছে। যখন বন্ধের পথে এগুতে থাকে প্রতিষ্ঠানটি তখন তা আটকাতে এগিয়ে আসে ক্যাম্পেইন ফর বীরগাঁও তরুণদল। শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে নগদ অর্থ হস্তান্তর করেন ক্যাম্পেইন ফর বীরগাঁওয়ের অর্থ সম্পাদক সাইদুল সাঈদ।
অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নূর জালাল করিম, সদস্য ফাতি নূর, আবদুল গৌছ, সেবিন্নূর, উসমান গনি, মাছুম আহমদ, সুপার জোবায়ের আল মাহমুদ, সহ-সুপার নূর আহমদ, সহকারী শিক্ষক ফয়সল আহমদ, নূরুল হক, মাছুম আহমদ প্রমুখ।