দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাইর হাওরের হাজার হাজার কৃষকের স্বপ্নের সোনালী ফসল তলিয়ে গেছে। উপজেলার বোরো ফসলের ভান্ডার খ্যাত দেখার হাওর, খাইর হাওর ও জামখলার হাওরের পর অবশেষে সাংহাইর হাওরের প্রায় ৩ হাজার ৭৭০ হেক্টর বোরো ফসল তলিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে চোখের সামনে স্বপ্নের সোনালী ফসল তলিয়ে যাওয়া, কৃষকের বুক ফাটা আর্তনাদ আর চোখের পানি আকাশ বাতাস ভারী করে তুলছে।
উপজেলার সাংহাইর হাওরে ডুংরিয়া শিবপুর গ্রামের পূর্বে ব্রীজের নীচের অংশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বাঁধের অন্তুর্ভূক্ত না করায় এখানে কোন বাঁধ তৈরি করা হয়নি। যার ফলে সাংহাইর হাওরের প্রায় ৩ হাজার ৭৭০ হেক্টর বোর ফসল হুমকির মুখে পড়ে। বৃহস্পতিবার রাতে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি এলাকার শান্তিপুর গ্রাম সংলগ্ন ভঙ্গিরডর বাঁধ ভেঙ্গে যাওয়ায় সাংহাইর হাওরের প্রায় ৩ হাজার ৭৭০ হেক্টর বোর ফসল তলিয়ে যায়।
এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, বৈশাখের প্রথম দিকে শিলাবৃষ্টিতে অর্ধেক ধানের শীষ থেকে পড়ে যায় এবং ধান কাটার শ্রমিক অন্যান্য এলাকা থেকে না আসায় সময় মতো ধান কাটানো যায়নি। যার ফলে সাংহাইর হাওরের প্রায় ৯৫ ভাগ বোর ফসল তলিয়ে গেছে। এই দুর্যোগ মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাঠ কর্মকর্তা, ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য (পিআইসি) ও ঠিকাদারদের কাউকেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকেরা।
জয়কলস ইউপি চেয়ারম্যান মো.মাসুদ মিয়া জানান, সাংহাইর হাওরের ফসল রক্ষার্থে শিবপুর গ্রামের পূর্বের খালে বাঁধ তৈরি করছি এবং ভঙ্গিরডর বাঁধে মাটি ফেলে রক্ষার চেষ্টা করছি। কিন্তু অবশেষে তলিয়েই গেছে সাংহাইর হাওর। শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হেরে গেলাম।