লন্ডন প্রতিনিধি
বৃটেনে অবস্থানরত আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামী বিএনপি‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের দাবী জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় দশ নাম্বার ডাউনিংষ্ট্রীটে স্মারকলিপি প্রদান করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। গতকাল দুপুরে ইউকে আওয়ামীলীগের ভারাপ্রাপ্ত সেক্রেটারী নইমুদ্দিন রিয়াজের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সহসভাপতি শাহ আজিজুর রহমান ও যুবলীগের জামাল আহমদ খান প্রমুখ। স্মারকলিপিটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন ডাউনিংষ্ট্রীটের একজন কর্মকর্তা। স্মারকলিপিতে উল্লেখ করা হয় তারেক রহমান বৃটেনে অবস্থান করে দেশ ও সরকার উৎখাতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যে কারিগর হচ্ছেন এই তারেক রহমান। তিনি দুর্নিতির মামলায় একজন সাজাপ্রাপ্ত আসামী। বৃটেন একটি গণতান্ত্রিক এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ, বৃটেন সরকার এই ব্যক্তিকে দেশে ফেরত পাঠাতে দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই ব্যক্ত করা হয় স্মারকলিপিতে। অন্য দিকে যুক্তরাজ্য বিএনপির দশ নাম্বার ডাউনিংষ্ট্রীটের সামনে বাংলাদেশে বিরোধী রাজনীতিকদের হয়রানি বন্ধের দাবীতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে সমাবেশ করেছে।