স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আগাম বন্যায় ১৫ টি হাওর তলিয়ে ফসল ডুবে যাওয়ায় কৃষকদের ক্ষতিপূরণ ও হাওরের স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে উপজেলাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান। রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, উপজেলার বৃহৎ বোর ফসলি শনি হাওর, কলমা, নোয়াল রাজনগর, বলদা সহ ১৫ টি হাওরের হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে ১২ হাজার হেক্টর জমির সম্পূর্ণ ফসল পানিতে তলিয়ে গেছে। বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে যাওয়ায় জন্য পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসিদের দায়ী করেন। এছাড়া তিনি তাহিরপুরের কৃষকদের বাঁচিয়ে রাখার স্বার্থে তাহিরপুর উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। তলিয়ে যাওয়া ফসলের মূল্য আনুমানিক ১৫০ কোটি টাকা বলে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দাবি ও হাওরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য তিনি উপজেলাবাসীর পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কৃষকদের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলী মর্তূজা, উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন,আওয়ামী লীগ নেতা ও কৃষক প্রতিনিধি রঞ্জু মুখার্জী, আমরা হাওরবাসী সংগঠনের তাহিরপুর উপজেলা সমন্বয়কারী রুহুল আমিন প্রমুখ।