- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরকে বাল্য বিয়েমুক্ত ঘোষণা

আমিনুল ইসলাম, তাহিরপুর
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। যে কোন মূল্যে বাল্যবিবাহ রোধ করতে হবে। বাল্য বিবাহের জন্য ছেলে ও মেয়ের উভয় পরিবারের পিতামাতা, কাজী, ইমাম, পুরোহিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ যারা বাল্যবিবাহকে সমর্থন করবে সকলকে আইনের আওতায় আনা হবে। বাল্য বিবাহ ও ইভটিজিংকে কঠোর হস্তে দমন করা হবে। কোমলমতি ছাত্রদেরকে বিদ্যালয়ে আসার জন্য উৎসাহিত করা ও নিজেরা সব সময় পাঠ দানের ক্ষেত্রে আরো বেশী করে মনোযোগী করে তুলতে হবে।’
তিনি আরো বলেন, যার যার অবস্থান থেকে   দেশের জন্য কাজ করে যাবেন। সব কাজে লাভের আশা না করে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখুন। মেয়েদের শিক্ষার কোন বিকল্প নেই, মেয়েদেরকে অবহেলা করবেন না। ছেলেদের মত তাদেরকেও পড়ালেখায় বেশী করে উৎসাহিত করবেন।’
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাহিরপুর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি তাহিরপুর উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল আমিন, আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সিলেটের ডাক উপজেলা প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু ,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, দলীয় নেতা রঞ্জু মূখার্জি, অনুপম রায়, সিএনআরএস উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, মাও. দ্বীন ইসলাম,কাজী সৈয়দ আহমদ, শিক্ষক শেখর রায় প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তাহিরপুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন এবং একটি ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। আলোচনাসভা শেষে তাহিরপুর গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রীদের অংশগ্রহণে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক একটি নাটক ও জারিগান পরিবেশন করা হয়।

  • [১]