স্টাফ রিপোর্টার, তাহিরপুর
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের নিকট তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের অনিয়ম, দুর্নীতি এবং কর্মস্থলে অনুপস্থিতি থাকার অভিযোগ করলেন তাহিরপুরের শত শত জনতা। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. ইশতেশামুল হক চৌধুরী তাহিরপুরের টাঙ্গুয়া হাওরে এসেছিলেন ভ্রমণে। এ সময় তাহিরপুর উপজেলা সদরে পৌঁছামাত্র কয়েক শ’ জনতা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেনের অনিয়ম দুর্নীতি, সার্টিফিকেট বাণিজ্য, কর্মস্থলে অনুপস্থিতি, শুধু মাসের শেষে উপস্থিত হয়ে তিনি বেতন ভাতার বিলে স্বাক্ষর করে চলে যাওয়ার অভিযোগ তুলে ধরেন।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে মহিলা ও পুরুষ রোগীদের ওয়ার্ডগুলো খুবই নোংরা ও অপরিচ্ছন্ন, হাসপাতালে ২ মাস যাবৎ পানির লাইন সরবরাহ বন্ধ রয়েছে বলেও তারা
পরিচালককে অবহিত করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. ইশতেশামুল হক চৌধুরী’র কাছে জনতার পক্ষে মৌখিক অভিযোগ উপস্থাপন করেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রঞ্জু মুখার্জি প্রমুখ।
অভিযোগকারীদের অভিযোগ শুনে ডা. ইশতেশামুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।