- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরের ২ বাঁধে মাটি না দেয়ায় ঝুঁকিতে মাটিয়ান হাওর

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খলিশাজুরী ও ইসলামপুর গ্রামের সামনে ২ টি ছোট বাঁধ না হওয়ায় ঝুঁকিতে রয়েছে কুনারবন্দ ও মাটিয়ান হাওর। অন্যান্য বছর এই দুইটি জায়গায় বাঁধ দেয়া হলেও এবার এখনো দেয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে বাঁধগুলোতে মাটি ফেলা হয়নি বলেছেন এলাকাবাসি।
সরজমিনে গিয়ে দেখা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের খলিশাজুরী গ্রামের সামনে ব্রীজের তলায় মাটি দেয়া হয়নি। ইসলামপুর গ্রামের সামনে নতুনবাজারে রাস্তায় একটু অংশ ভাঙ্গা। ফলে পাহাড়ি ঢলে পাটলাই নদী হয়ে সহজেই পানি মাটিয়ান হাওরে প্রবেশ করবে।
এলাকাবাসি বলছেন, বাঁধগুলো ছোট হওয়ায় পিআইসি গঠন ছাড়াই প্রতিবছরই এই দুই জায়গায় মাটি ফেলা হয়। এবার হাওরের অন্যান্য বাধেঁ মাটি দেয়া হলেও এই গুরুত্বপূর্ণ ২ জায়গায় মাটি দেয়া হয়নি। ফলে পাহাড়ি ঢল আসলে এই দুই জায়গা দিয়ে পানি হাওরে প্রবেশ করার সম্ভবনা রয়েছে।
খলিশাজুরী গ্রামের বাসিন্দা হাবিনূর মিয়া বলেন, কুনারবন্দ ও মাটিয়ান হাওরে আমি প্রায় ২০ কেয়ার জমিতে ধান চাষ করেছি। এবার ফসলেও কিছু হলে না খেয়ে থাকতে হবে। খলিশাজুরী গ্রামের ব্রীজের নিচে বাঁধ ও ইসলামপুর গ্রামের সামনে সড়কের খালে বাঁধ না দেয়ায় চিন্তায় রয়েছি।
একই গ্রামের বাসিন্দা নশাদ মিয়া বলেন, প্রতিবছর এই ২ জায়গায় বাঁধ দেয়া হয়। পাহাড়ি ঢলে এদিকেও পানি আসে। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২ জায়গায় এখনো মাটি ফেলেনি। ফলে ঝুকি রয়েই গেলো।
উত্তর শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খসরুল আলম বলেন, এই ২ টি বাঁধ ওয়াবদার আওতাভুক্ত। প্রতিবছরই তারা এই ২ টি জায়গায় বাঁধ দেয়। এবার দেয়া হয়নি। এছাড়াও আগে এলাকার জনগণ আমাকে বিষয়টি জানায় নি।
উপজেলা নিবার্হী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, এই বাঁধের কথা কেউ আমাকে বলেন নি। আমি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

  • [১]