স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার আনোয়ারপুর বাজারে এ ঘটনা ঘটেছে।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার ও অন্যান্য ব্যবসায়ীরা জানান, আনোয়ারপুর বাজারে আগুন লাগার সময় বিদ্যুৎ ছিল না। ধারনা করা হচ্ছে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাজারের ব্যবসায়ীরা প্রথমে আগুন নেভানোর কাজে সহায়তা করে পরে সংবাদ পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো, নবাব মিয়ার রেস্টুরেন্ট, বজলু মিয়ার মনোহরী দোকান, ধীরেন্দ্র শীলের সেলুন, মনিরের জুতার দোকান, মালু মিয়ার মেশিনারী দোকান। রাতেই আগুন লাগার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
তাহিরপুর ফায়ার সার্ভিসের লিডার এনামুল হক চৌধুরী বলেন, আনোয়ারপুর বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ১১টা ৫মিনিটের সময় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। রেস্টুরেন্টের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে জানান তিনি।