- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে অধিকাংশ বাঁধে কাজ শুরু হয়নি

আমিনুল ইসলাম, তাহিরপুর
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার সময় মাত্র এক মাস বাকি। অথচ অধিকাংশ প্রকল্পে এখনো কাজই শুরু হয়নি। তাহিরপুরে ৭টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ৬২টি প্রকল্প অনুমোদন হয়েছে। হাওরগুলো হলো মাটিয়ান হাওর,মাটিয়ান হাওর বর্ধিতাংশ,মাটিয়ান হাওর কম্পার্টমেন্টাল,হালির হাওর, মহালিয়া হাওর, শনির হাওর ও গুরমার বর্ধিতাংশ হাওর।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সর্বশেষ সময় ২৮ ফেব্রুয়ারি। কিন্তু তাহিরপুরে ৬২টি প্রকল্প ঘুরে দেখা গেছে শনির হাওরের ইকরামপুর আপরবাঁধ ও মাটিয়ান হাওরের একটি ক্লোজার বাঁধ সহ ১২টি ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন করা হয়েছে।
তবে এর আগে গত ১৮ ডিসেম্বর মাটিয়ান হাওরের শিশুয়া দাঁতভাঙ্গা নামক স্থানে একটি প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুর উপজেলায় কর্মরত উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সেলিম বলেন, বুধবার উপজেলার বিভিন্ন হাওরের প্রকল্প সভাপতিদের নিকট ১২টি প্রকল্প কাজের চেক হস্তান্তর করা হয়েছে।
শনির হাওরপাড়ের গোবিন্দশ্রী গ্রামের কৃষক সেলিম আখঞ্জি বলেন, হাওরের বাঁধে মাটির কাজ করার এখনই সময়। কিছুদিন পর বৈরী আবহাওয়া ও বৃষ্টি থাকলে বাঁধে মাটি ফেলা খুবই কষ্ট হবে।
মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। আর মাত্র ১দিন বাকী কিন্তু মাটিয়ান হাওরে ১৮টি প্রকল্পের মধ্যে ৬টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে হাওরের ফসল ঝুঁকির মধ্যে পড়বে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন,উপজেলার বিভিন্ন হাওরে বাঁধ নির্মাণে ৬২টি প্রকল্প কমিটি চূড়ান্তভাবে অনুমোদন করে প্রকল্প সভাপতি ও সদস্য সচিবদের জানিয়ে দেয়া হয়েছে।

  • [১]