স্টাফ রিপোর্টার
‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই স্লোগানে সারাদেশের মতো হাওরবেষ্টিত উপজেলা তাহিরপুরেও পালিত হয়েছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’।
এ উপলক্ষে উপজেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার শনির হাওরের উত্তর পাড়ে তাহিরপুর উপজেলা পরিষদের সম্মুখে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম সকালে এ শিক্ষা উপকরণের মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, বিপ্লব সরকার, সাংবাদিক বাবরুল হাসান, রাজন চন্দ্র, আবুল কাশেম, শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি আজিজুল ইসলাম। সভাটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক শেখর রায়।
মেলা ঘুরে জানা যায়, শ্রেণীকক্ষে পাঠদানকে আকর্ষণীয়, পাঠকে সহজবোধ্য, ফলপ্রসু আর শিখনফল স্থায়ী করতে পাঠ উপযোগী শিক্ষা উপকরণের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এখন মাল্টিমিডিয়া করা হচ্ছে। ল্যাপটপ প্রজেক্টরে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে অনেক প্রাথমিক বিদ্যালয়ে পাঠকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে। অনেক বিদ্যালয়েই রয়েছে ইংলিশ ইন একশন প্রোগ্রামের দেওয়া মোবাইল ও স্পীকার। দুর্গম টাঙ্গুয়ার হাওরপাড়ের অনেক বিদ্যালয়েও এ সকল উপকরণ রয়েছে। প্রশাসনিকভাবে উপজেলার ৭টি ইউনিয়ন ৫টি ক্লাস্টারে (গুচ্ছ) বিভক্ত। মেলায় ইউনিয়নভিত্তিক ৭টি স্টল করা হয়েছে। এ সব স্টলে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ স্থান পেয়েছে। তবে মেলায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কোন আয়োজন ছিল না। ছিল না সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানও।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন বলেন,‘হাওরবেষ্টিত উপজেলা তাহিরপুর। বিভিন্ন হাওরের তীরে অবস্থিত উপজেলার বিভিন্ন গ্রাম। আর এই গ্রামগুলোর সবচেয়ে ভাল ও আকর্ষণীয় স্থাপনা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। সবাই মিলে আরেকটু আন্তরিক হলে এই বিদ্যালয়গুলোকে আরো শিশুবান্ধব ও আকর্ষণীয় করা সম্ভব। শিক্ষকগণ শ্রেণীকক্ষে পাঠকে আকর্ষণীয়, ফলপ্রসু ও শিখনফল স্থায়ী করতে শিক্ষোপকরণ ব্যবহার করেন। আমি বিশ^াস করি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে তাহিরপুরে আগামি বছর এ মেলা আরো কার্যকর ও আকর্ষণীয় ভাব উপস্থাপিত হবে।’