তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকায় ১’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটকের পর ৫০ হাজার টাকায় রফাদফার মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীকে মাদকসেবী সাজিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লঘু সাজা করানোর সব পরিকল্পনাই ভেস্তে গেল তাহিরপুর থানার এসআই’র রফিকুল ইসলামের।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সীমান্তবর্তী জঙ্গলবাড়ি এলাকা থেকে সোমবার রাত ১১টায় থানার এসআই রফিকুল ইসলাম তার অপর এক সমপদবীর সহকর্মী ও ৫ কনষ্টেবলকে সাথে নিয়ে ১’শ পিস ইয়াবা সহ সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ী আজিজুল হককে আটক করে। আটককৃত আজিজুল হক উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাঝহাটি মোড়ের সামসুল হকের ছেলে।
পুলিশ আজিজুল হককে আটক করার পর রাত প্রায় ১২টায় স্থানীয় এক কয়লা ব্যবসায়ী ওই ইয়াবা ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে, এমনকি ইয়াবা ব্যবসায়ী হিসাবে আসামী না করার জন্য ৫০ হাজার টাকায় এসআই রফিকুল ইসলামের সাথে রফাদফা করেন। বিষয়টি টের পেয়ে এলাকার একাধিক লোকজন গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। রাত সাড়ে ১২টায় এসআই’র মুঠোফোনে ইয়াবা সহ একজনকে আটকের সত্যতা জানতে যোগাযোগ করা হলে তিনি বললেন, না সে মদ পান করেছিল, আর একটা ট্যাবলেট জ্বালিয়েছিলো। ১’শ পিস ইয়াবা সহ কাউকে আটকের বিষয়টি মোটেও সত্য নয়।’ রাত ১টায় ফের ইয়াবা সহ আটক করা হয়েছে কীনা জানতে চাইলে তিনি বলেন, যেখানে ইয়াবা ছিলই না সেখানে আমি কী ইয়াবা দিয়ে তাকে মামলার আসামী করব।
অবশেষে মঙ্গলবার সকালে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ দেখিয়ে আজিজুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
রাতে মাদকসেবী আর পরদিন সকালে ২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ দেখিয়ে মামলা দায়ের করা ও পরবর্তীতে ইয়াবা ট্যাবলেট কীভাবে পেলেন জানতে এসআই রফিকুল ইসলামের মুঠোফোনে মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই পরে আজিজুলের বুক পকেট তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট পাইছি।’ তাহলে বাকী ৮০ পিস ট্যাবলেট গেল কোথায়? এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান ।