গোলাম সরোয়ার লিটন
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের আনসার ও ভিডিপি’র প্রবীণ দলনেত্রী সামছুন্নাহার। ১৯৮৪ সালের জুন মাসে উপজেলার সদর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেত্রী হিসাবে যোগদান করেন। ওই সময় থেকে সরকার দেওয়া নির্ধারিত হারে মাসিক ভাতা পেয়ে আসছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই ২০১৬ সালের জুলাই মাস থেকে তাঁর ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। ভাতা পেতে সামছুন্নাহার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে একাধিকবার লিখিত আবেদন করেছেন। কার্যালয়ের কর্মরত দায়িত্বশীলরা একাধিক বার প্রতিশ্রুতিও দিয়েছেন ভাতা প্রদানের। কিন্তু এখন পর্যন্ত প্রাপ্য ভাতা পাচ্ছেন না। নানা প্রতিকুলতা ডিঙিয়ে এ পেশাকে ভালবেসে দীর্ঘ ৩৩ বছর ধরে কাজ করছেন সামছুন্নাহার। শুনেছেন এলাকাবাসীর নানা তিক্ত কথা। পেয়েছেন এলাকাবাসীর ভালবাসাও। কিন্তু শেষ বয়সে এসে নিজ কার্যালয় থেকে পাওয়া এমন আচরণে মানসিক
কষ্টে ভুগছেন সামছুন্নাহার।
খোঁজ নিয়ে জানা যায়, ৮০’র দশকেও সুনামগঞ্জের হাওরপাড়ের বাসিন্দাদের অধিকাংশই বাড়ির কাজের বাইরে নিজেকে সম্পৃক্ত করতে চাইতেন না। আর নারীদের ক্ষেত্রে ঘরের বাইরে কাজ করা ছিল সামাজিকতার বেড়াজালে অনেকটাই নিষিদ্ধের মতো। তৎকালীন সময় তাহিরপুর উপজেলায় যে কয়জন নারী-পুরুষ সরকারি দাপ্তরিক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন তাঁদের মধ্যে অন্যতম সামছুন্নাহার। তিনি উপজেলার সদর ইউনিয়নের মাটিয়ান হাওরপাড়ের রতনশ্রী গ্রামের মরহুম নাজির তালুকদারের জ্যেষ্ঠ সন্তান। সামছুন্নাহার ১৯৮৪ সালে ঢাকার শফিপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ স্কুলে ২৯ মে থেকে ১৮ জুন পর্যন্ত ২১ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। সফল প্রশিক্ষণ শেষে তাহিরপুর সদর ইউনিয়নের দলনেত্রী হিসাবে যোগদান করেছিলেন। এই দীর্ঘ সময় ধরে তিনি সরকার কর্তৃক নির্ধারিত প্রাপ্য ভাতা পেয়ে আসছেন। কিন্তু হঠাৎ করেই গত জুলাই মাস থেকে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। একই ভাবে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন দলনেত্রী জহুরা, বড়দল দক্ষিণ ইউনিয়ন সন্ধ্যা রাণী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন দলনেত্রী পবিত্র বালা এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন দলনেত্রী শুভ্রা রাণীও ভাতা পাচ্ছেন না। দীর্ঘদিন এই বিভাগে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেও এখন চাকুরি হারানোর শঙ্কায় পড়েছেন বলে জানানা তাঁরা।
সামছুন্নাহারের বড় ছেলে আকিকুর রেজা (৪৫) তাহিরপুর বাজারের একজন স্টেশনারী ব্যবসায়ী। তিনি বলেন, আমার মা কাজটিকে ভালবেসে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ছোটবেলা থেকেই এজন্য অনেক ধরনের কথা শুনতে হয়েছে আমাদের পরিবারকে । কিন্তু মায়ের প্রতি আর মায়ের কাজের প্রতি আমাদের শ্রদ্ধা আর বিশ^াস ছিল। মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্বপন কুমার রায় বলেন, এক সময় নারীদের কাজ করাকে এ এলাকায় অসম্মানের বলে মনে করা হত। কোন নারী সরকারি দাপ্তরিক কাজের সঙ্গে জড়িত হলে সমালোচনায় মেতে ওঠত এক শ্রেণীর নারী ও পুরুষ। যদিও আজ এ অবস্থার পরিবর্তন ঘটেছে। উল্টো হয়েছে সমালোচকদের মানসিকতা। এ সকল সমালোচকরাই এখন ছেলের চাকুরিজীবি বউ খুঁজে হয়রান হন। তবে সামছুন্নাহার ফুফুর সময়কার অবস্থা এমন ছিল না।
তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, সামছুন্নাহার ফুফু একজন সৎ ও সাহসী নারী। হাওরাঞ্চলের নারীদের পথ দেখিয়েছেন তিনি। প্রভাবশালী পরিবারের মেয়ে হওয়ায় তাঁর জন্য কাজটি কিছুটা সহজ হয়েছে।
তাহিরপুরের প্রবীণ ব্যক্তি সদর ইউনিয়নের সাবেক টানা তিনবারের চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার বলেন, সামছুন্নাহার কোন পদে কি ধরণের চাকুরি করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তিনি যে সময় ঘর থেকে বের হয়েছেন সেটা ছিল অনেক সাহসী পদক্ষেপ। তিনি হাওরপাড়ের নারীদের ঘরের বাইরে কাজ করতে উৎসাহিত করেছেন, পথ দেখিয়েছেন। তাঁর ভাতা বন্ধ থাকা বা চাকুরি অনিশ্চিত করে তোলার কাজটি অন্যায় হবে।
তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই আমরা তাঁকে সাহসী ও দায়িত্বশীল নারী হিসাবে দেখেছি। আমরা চাই তাঁর এ সমস্যার দ্রুত সমাধান।
সামছুন্নাহার বলেন, আমি এ কাজকে ভালবেসে দায়িত্ব পালন করে যাচ্ছি। এজন্য অনেক ধরণের প্রতিকুলতাকে মোকাবেলা করতে হয়েছে আমাকে। আমার পরিবার সাথে থাকায় এ কাজের সাথে জড়িয়ে থাকা সম্ভব হয়েছে। তবে গত এক বছর ধরে ভাতা বন্ধ থাকায় এবং চাকুরি নিয়ে নানা ধরণের গুজবে পরিবার ও এলাকাবাসীর কাছে অস্বস্থিতে পড়েছি।
তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা শিউলি বেগম বলেন, তাদের নিয়োগপত্র না পাওয়ায় এতদিন ভাতা বন্ধ ছিল। তবে দীর্ঘদিন ধরেই তারা ভাতা পেয়ে আসছিলেন। তাই ঈদের আগেই তাদের ভাতা পরিশোধ করা হবে।