স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় উত্তর বড়দল ইউপি সদস্যকে সহায়তাকারী উল্লেখ করার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউপি সদস্য নোয়াজ আলী, আব্দুছ ছত্তার, চান মিয়া, আবু তাহের, আবু মিয়া, ইউপি সদস্যা হেনা আক্তার,সকিনা বেগম, বিলকিছ আক্তার, গন্যমান্য ব্যক্তি সিরাজুল ইসলাম, মুকলেছ মিয়া,আব্বাছ আলী প্রমুখ।
বক্তারা বলেন,‘উত্তর বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছত্তার মিয়া (৫০) কে মামলায় সহায়তাকারী হিসাবে আসামী করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্তার মিয়ার জনপ্রিয়তা ও আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করে এরকম ঘটনার সহায়তাকারী হিসাবে তাকে জড়ানো হয়েছে।’
উল্লেখ্য বড়ছড়া গ্রামের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় গত ৩ এপ্রিল নারী ও শিশু নির্যাতন আইনে রজনী গ্রামের আবুল ফয়েজের বখাটে পুত্র কাওছার মিয়াকে আসামী করে তাহিরপুর থানায় মামলা রুজু করে। মামলায় বিচারের সালিসকারী ইউপি সদস্য ছত্তার মিয়া (৫০) কে সহায়তাকারী হিসাবে আসামী করা হয়।