তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে এক নারী এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করার সময়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মাহমুদুল হাসান নাঈম (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোসেন অরফে ক্বারী মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাদাঘাট সরকারি কলেজ সেন্টারে এসএসসি পরীক্ষা দিতে যায় এক স্কুল ছাত্রী। পৌরনীতি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বখাটে যুবক মাহমুদুল হাসান নাঈম এসএসসি পরীক্ষার্থীকে জাপটে ধরে এবং জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। এসময় ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠি সহ পথচারীরা এগিয়ে তাকে উদ্ধার করে এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশের হাতে তাকে তুলে দেয়।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন জানান, সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে দিয়ে বাাদাঘাট বাজারের দিকে আসছিলাম। হঠাৎ এক পরীক্ষার্থীকে নাঈম নামে এক যুবক জোরপূর্বক জাপটে ধরে অটোরিকসার মধ্যে তুলে নেয়ার চেষ্টা করছে বলে দেখি। পরে বিষয়টি এসএসসি কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় এক যুবককে পুলিশ আটক করেছে। আটককৃত যুবক এখন পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।