- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কলেজ ছাত্র খুন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন ও এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১১ টায় তাহিরপুর সদর উপজেলার লক্ষীপুর গ্রামে। নিহত সাজিদ মিয়া (২০) তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র । ঘটনায় গুরুতর     আহত যুবক একই গ্রামের মৃত আমীর আলীর পুত্র শাহপরান (২৭) । নিহত সাজিদ মিয়া উপজেলা সদর মধ্য তাহিরপুর গ্রামের লাল মিয়ার পুত্র । ঘটনায় রাতেই পুলিশ সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হল সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শফিউল্লাহর পুত্র মঞ্জু মিয়া(১৫),ওসমান গণির পুত্র হেলাল মিয়া(৪০) ও তার পুত্র লিটন মিয়া (১৫),বিশ^ম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের  রহিছ মিয়ার পুত্র বাবুল মিয়া(১৬)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলা সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে জাহের পাগলার ওরস অনুষ্ঠানে মাইক বাজিয়ে গান বাজনা চলছিল। ওরস দেখতে সেখানে গিয়েছিল সাজিদ মিয়া ও তার ফুফাত ভাই শাহপরান মিয়া। একই অনুষ্ঠানে  আরোও অনেক যুবক নাচানাচি করছিল। নাচানাচির এক পর্যায়ে ঠেলাঠেলি ও কথা কাটাকাটির ঘটনা ঘটে সাজিদ মিয়ার সাথে অপরিচিত একাধিক যুবকের।  কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা সাজিদ মিয়াকে ছুরিকাঘাত করে। সাজিদ মিয়ার ফুফাত ভাই শাহপরান মিয়া বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন সাজিদ মিয়া ও শাহপরান মিয়াকে তাহিরপুর স্বাস্থ্য কম্েপ্লক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সাজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং শাহপরান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। ঘটনার খবর পেয়ে রাতেই তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ৪ জনকে আটক করে । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে জয়নাল আবেদীন কলেজের শিক্ষার্থীরা হত্যাকারীদের বিচার চেয়ে একটি বিক্ষোভ মিছিল তাহিরপুর বাজারে প্রদক্ষিণ করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সাজিদ মিয়াকে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
 

  • [১]