- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কার্ডধারীদের টাকা ইউপি সদস্যের পকেটে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
উপজেলা সদরের টাঙ্গুয়া হোটেলের অভ্যর্থনা কক্ষে দু’ইউপি সদস্যের নিকট অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কার্ডধারীরা ৮ হাজার টাকা জমা দিয়ে ৫শ টাকা ফেরৎ নিচ্ছেন। সোমবার দুপুরে এমন দৃশ্য দেখে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কার্ডধারীদের নিকট জানতে চাইলে তারা বলেন,‘চেয়ারম্যান মেম্বাররা টাকা না দিলে আমরা তো আর জোর করে টাকা নিতে পারবো না।’
জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামের একটি রাস্তার কাজ ১০৫ জন নারী শ্রমিক ৪০ দিনে দৈনিক ২শ’ টাকা পারিশ্রমিকের ৮ লক্ষ ৪০ হাজার টাকায় কাজ করার কথা। কিন্তু ঐ রাস্তায় পাশে পানি আসার কারণে সময়মত কাজটি করাতে পারেননি ইউপি চেয়ারম্যান। যে কারণে বিগত জুন মাসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজের বিপরীতে কোন টাকা ছাড় দেননি। সোমবার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কার্ডধারীরা বাংলাদেশ কৃষি ব্যাংক তাহিরপুর শাখা থেকে টাকা উত্তোলন করার পর ৭ হাজার ৫শ টাকা ফেরত দেন ইউপি সদস্য শিমুল মিয়া ও বিউটি রানী তালুকদারকে।
এ বিষয়ে ইউপি সদস্য শিমুল মিয়া ও বিউটি রানী তালুকদারের নিকট জানতে চাইলে তারা বলেন ইউপি চেয়ারম্যান বিশ^জিত সরকারের নির্দেশ মোতাবেক কাজ করছি।
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কার্ডধারী মিনারা, নাদিরা, মিনতী রানী ও মুশিলা বলেন, চেয়ারম্যান মেম্বাররা টাকা না দিলে আমরাতো জোর করে নিতে পারবো না।
এ বিষয়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিত সরকারের (০১৭১১৮৭৭৬৬৫) নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া যায় নি।

  • [১]