- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীর টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার
তাহিরপুরে মোটর সাইকেলের গতি রোধ করে আমির শাহ নামের এক কয়লা ব্যবসায়ীর ওপর হামলা করে ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। আমির শাহ কয়লা ব্যবসায়ী উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের মৃত ছবর আলীর  শাহ্র ছেলে। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী আমির শাহকে মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমির শাহ মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহরে থাকা তার ভাই বাগলী শুল্ক ষ্টেশনের কয়লা আমদানিকারক মনির শাহ্র নিকট থেকে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে শ্রমিকদের বিল পরিশোধের জন্য বাদাঘাট গ্রামের বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাজারে কাপড়ের গলি দিয়ে বাড়ি যাবার পথে দুর্বৃত্তরা মোটর সাইকেলের গতি রোধ করে তার ওপর হামলা করে টাকার ব্যাগে ছিনিয়ে নেয়। বাজারের ব্যবসায়ীদের ধাওয়ার মুখে দুর্বৃত্তরা দৌঁড়ে পালিয়ে যায়। রামদার কোপে ব্যবসায়ীর হাত ও শরীরের একাধিক স্থানে জখমের পাশাপাশি তার মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বুধবার দুপুরে ওই ব্যবসায়ী উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমবাড়ি গ্রামের মুসলিম উদ্দিন মড়লের ছেলে মানিক মড়ল ও বাবুল মড়লকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তাহিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নুরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]