স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উপলক্ষ্যে তাহিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জমি ও গৃহ প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় তাহিরপুর উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ২য় পর্যায়ের বরাদ্দকৃত ৭৬টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
এরপর তিনি একই উপজেলার বাদাঘাট ইউনিয়নে ১ম পর্যায়ে বরাদ্দকৃত নির্মিত ৭০টি ঘর পরিদর্শন করেন।
এসময় তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (গোপনীয়) মো. শাহারীয়ার আশরাফ; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘরসমূহের উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উপকারভোগীদের জমি ও গৃহ প্রাপ্তি বিষয়ে কোন অভিযোগ আছে কিনা সে বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও গৃহনির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।