আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঘন্টাব্যপী ঘুর্ণিঝড়ে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর, দপেরকান্দা, গোপালপুর, কান্ডবপুর, উজ্জ্বলপুর, রাজধরপুর, রামজীবনপুর, নিশ্চিন্তপুর ও পাঠাবুকা গ্রামের অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি, শতাধিক গাছপালার ব্যপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
এছাড়াও উজ্জ্বলপুর ও সাহেবনগর গ্রামের সামনে ছয়টি বিদ্যুতের খুঁটি, নিশ্চিন্তপুর গ্রামের সামনে একটি বিদ্যুতের খঁুটি ও পাঠাবুকা গ্রামের সামনের একটি বিদ্যুতের খঁুটিসহ মোট আটটি বিদ্যুতের খঁুটি ভেঙ্গে পড়ে যায়। ঘুর্ণিঝড়ের পর থেকেই বুধবার দুপুর ১২টা (এ রিপোর্ট লিখা পর্যন্ত) সমগ্র উপজেলাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ছিল। ঘুর্ণিঝড়ে বসতবাড়ি ভেঙ্গে যাওয়া পরিবারগুলো এখন খোলা আকাশের নীচে বসবাস করছে।
ঘুর্ণিঝড়ে বসতঘরের নীচে পড়ে আহত হয়েছে ৩ জন। তারা হলেন— দপেরকান্দা গ্রামের সাইফুল, রাজীবণপুর গ্রামের আরশাদ ও উজ্জ্বলপুর গ্রামের আলম। তারা সবাই পাশ^র্বর্তী পৈন্ডুপ বাজারের পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উজ্জ্বলপুর গ্রামের জিয়াবুল হক বলেন, তার ঝুর্ণিঝড়ে তার বসতঘরের পাকা পিলার উড়িয়ে নিয়ে বিদ্যুতের তারের সাথে পেঁচিয়ে লটকে রয়েছে।
তাহিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের সামনে একটি বিদ্যুতের খঁুটি, নিশ্চিন্তপুর গ্রামের সামনে একটি বিদ্যুতের খঁুটি ও পাঠাবুকা গ্রামের সামনের একটি বিদ্যুতের খঁুটি ঘুর্ণিঝড়ের কবলে পড়ে ভেঙ্গে পড়ে যায়। এ কারণে সমগ্র তাহিরপুর উপজেলাজুড়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন রয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাহেবনগর, দপেরকান্দা, গোপালপুর, কান্ডবপুর, উজ্জ্বলপুর, রাজধরপুর ও রামজীবনপুর গ্রামের অপূরণীয় ক্ষতি হয়েছে। বুধবার সকাল থেকেই ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছি। ঘুর্ণিঝড়ে ভেঙ্গে যাওয়া বাড়িঘরের মানুষের আহাজারিতে আকাশ ভারী হয়ে গেছে। অনেকেই খোলা আকাশের নীচে বসবাস করছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরী করার জন্য তিনি শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদকে দায়িত্ব দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকারভিত্তিতে খাদ্য সহায়তা প্রদান করা হবে।