স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র স্বাক্ষর জালিয়াতি করে ১লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেবার ঘটনায় যুক্ত অফিস কর্মচারী জমশেদ আলম আফজালকে আসামী করে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অফিসের নাজির সন্তোষ কুমার তালুকদার বাদী হয়ে জমশেদ আলম আফজালের বিরুদ্ধে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।
জমসেদ উপজেলা পরিষদের মাস্টার
রোলের কর্মচারী এবং রতনশ্রী গ্রামের নুরুল আমিনের ছেলে। জানা যায়, গত ৩১ জানুয়ারি প্রতারক জমসেদ সোনালী ব্যাংকের তাহিরপুর শাখা থেকে এই বাহক চেকে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা ক্যাশ করে সে। চেকের পেছনে সাইফুল ইসলাম নাম লিখে দেয় সে। পড়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে হিসাবের প্রয়োজনে ব্যাংক হিসাব বিবরণী এনে দেখলে এই প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে ফাইল আনা নেওয়ার সময় জমশেদ কৌশলে চেক ছিড়ে জালিয়াতি করে ১লক্ষ ৩০ হাজার টাকা উত্তোলন করে। শনিবার সকালে সে টাকা ফেরৎ দিয়েছে। অফিসের নাজির বাদী হয়ে জমশেদ আলম আফজালের বিরুদ্ধে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছে।’
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।