- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে চেয়ারম্যান ও ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন জালিয়াতির ঘটনায় অফিস স্টাফ জমশেদ জড়িত

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেবার ঘটনায় যুক্ত কর্মচারীর পরিচয় পাওয়া গেছে। সে উপজেলা পরিষদের মাস্টার রোলের কর্মচারী এবং উপজেলার রতনশ্রী গ্রামের নুরল আমিনের ছেলে।
গত ৩১ জানুয়ারি ঐ প্রতারক সোনালী ব্যাংকের তাহিরপুর শাখা থেকে এই বাহক চেকটি জমশেদ আলম আফজাল ক্যাশ করে। চেকের পেছনে সাইফুল ইসলাম নাম লিখে দেয় সে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে হিসাবের প্রয়োজনে ব্যাংক হিসাব বিবরণি এনে দেখলে এই প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
গত মঙ্গলবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের আরেকটি চেক ক্যাশ করার সময় একইভাবে সাইফুল ইসলাম লিখে দেয় জমশেদ। ব্যাংকের কর্মকর্তারা চেক দেখেই
যাচাই করে দেখেন এর আগে জালিয়াতি করে ভাঙানো চেকের সঙ্গে এই চেকের বাহকের স্বাক্ষরের মিল রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন,‘উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে ফাইল আনা নেওয়ার সময় আফজাল কৌশলে চেক ছিড়ে জালিয়াতি করে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করে। বেশিরভাগ টাকা সে ফেরৎ দিয়েছে। বাকী টাকা ফেরৎ দেবার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

  • [১]