স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪৮ জন। এরমধ্যে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়্যারম্যান পদে আপন জামাই শ^শুর দু’জনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে।
বিএনপি কিংবা অন্যান্য দলের প্রার্থীরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী জামাই ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার। শ্বশুর উপজেলা বিএনপি সহ সভাপতি ও বর্তমান ইউপি সদস্য শামছুজ্জামান আহমেদ। শ্বশুর শামছুজ্জামানের বাড়ি ইউনিয়নের কলাগাঁও গ্রামে ও জামাই খাইরুল বাশার এর বাড়ি পাশর্^বর্তী চারাগাঁও গ্রামে।
জামাই শ^শুরের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ইউনিয়ন পেরিয়ে পুরো উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার বলেন, ইউনিয়নের সাধারণ ভোটারগণ আমার সঙ্গে আছেন। আমার মাঠের অবস্থা খুবই ভালো।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার ও উপজেলা বিএনপি সহ-সভাপতি শামছুজ্জামান আহমেদ বলেন, ভোটারগণ যাকে যোগ্য বা উপযুক্ত মনে করবেন তাকেই বিবেচনা করবেন ও ভোট দেবেন। জামাই নির্বাচন করছেন এতে আমার ভোটের কোন প্রভাব পড়বে না। জামাই এর আগে দু’বার নির্বাচন করেছেন। নির্বাচনে তিনি শ’তিনেক ভোট পান। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ১৪ বছর ইউনিয়ন পরিষদে ছিলাম। আশা রাখি এবারও জনগণ আমাকে ভোট দিয়ে তাদের পাশে রাখবে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হাসান উদ দৌলা বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আাওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আপন জামাই শ্বশুর আছেন বলে জানতে পেরেছি। আগামী ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর পর জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।