আমিনুল ইসলাম, তাহিরপুর
হাওড় বাওড় বেষ্টিত দুর্গম জনপদ তাহিরপুর উপজেলা সদরে অবস্থিত জয়নাল আবেদীন কলেজকে জাতীয়করণের দাবিতে উপজেলা সদরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মানবন্ধনে অংশ নেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
মানববন্ধন শেষে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কলেজের পক্ষে কলেজ অধ্যক্ষ ফনী ভূষন সরকার তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা সদরে অবস্থিত উপজেলায় প্রথম প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জয়নাল আবেদীন কলেজ জাতীয়করণের তালিকাভূক্ত না করে উপজেলা সদর থেকে প্রায় ১৪ কি.মি. দূরে এবং উপজেলার এক কোণে অবস্থিত বাদাঘাট ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকাভূক্ত করা হয়েছে ।
সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে তিনি
আরো বলেন, জয়নাল আবেদীন কলেজ জাতীয়করণের জন্য গত ১২ মে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করা হয়। একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক খানা আবেদন করা হয় । জয়নাল আবেদীন কলেজ একটি পূর্ণাঙ্গ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগসহ তথ্য প্রযুক্তি বিষয়ে পাঠ দান করা হয় এবং এই ৩টি বিভাগই এমপিওভূক্ত।
জয়নাল আবেদীন কলেজের নিজস্ব ভূমির পরিমান ৯একর ৭.৫০ (নয় একর সাড়ে সাত শতক) একর। অপরদিকে, বাদাঘাট ডিগ্রী কলেজের নিজস্ব ভূমির পরিমাণ মাত্র ৩ (তিন একর) ।
জয়নাল আবেদীন কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয় ১৯৯৭ সালে এবং এইচএসসি উন্মুক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয় ২০১১ সালে। পক্ষান্তরে, বাদাঘাট ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয় ২০১৪ সালে। ওখানে এইচএসসি উন্মুক্ত পরীক্ষা কেন্দ্র নেই।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক আলী মর্তূজা, রুকন উদ্দিন, প্রভাষক আহমদ আলী, রাসেন্দ্র পুরকায়স্থ, নজরুল ইসলাম, হরি নারায়ন বিশ্বাস, আব্দুল বাতেন, আলী হায়দার, জহির উদ্দিন, সমাজসেবক এমরান হোসেন, তাহিরপুর বণিক সমিতির সভাপতি দিলীপ কুমার চন্দ প্রমুখ।