স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টাকার বিনিময়ে করোনার টিকা দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকে এলাকার লোকজন টিকা নিতে গেলে টিকা গ্রহিতাদের নিকট থেকে ৫০ টাকা করে নিয়ে টিকা দেন ওই ক্লিনিকের হেল্থ প্রোভাইডার বিলাল হোসেন। বালিয়াঘাট গ্রামের জমাদার আলীর পুত্র মালু মিয়া জানান, তিনি করোনা টিকা নিতে গেলে তাকে ৫০ টাকা পরিশোধ করতে বলা হয়। পরে তিনি ৫০ টাকা পরিশোধ করে করোনার টিকা নেন।
শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের রবিউল্লার স্ত্রী রিপা বেগম বলেন, তারা দুইজন মহিলা একত্রে ১০০ টাকা দেন। টিকা নেয়ার পর অপর মহিলার টাকা ফেরৎ দিলেও তার টাকা ফেরৎ দেয়া হয়নি।
বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিক এলাকার গোলকপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া বলেন, এলাকার লোকজন টিকা নিয়ে তাকে জানিয়েছেন বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের লোকজন জন প্রতি ৫০ টাকা নিয়ে টিকা দিয়েছেন।
বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার বিলাল হোসেন বলেন, মঙ্গলবার ক্লিনিকে করোনার দ্বিতীয় ডোজের টিকার কার্যক্রম চলছিল। অনেকেই টাকার বিনিময়ে ১ম ডোজ নিতে চাচ্ছে। কিন্তু আমি এগুলোতে প্রশ্রয় দিচ্ছি না।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম বলেন, এলাকা থেকে আমাকে অনেকেই ফোন করে জানিয়েছেন, বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকে ৫০ টাকার বিনিময়ে করোনার টিকা দেয়া হচ্ছে। পরে আমি ফোন করে ক্লিনিকের ইনচার্জ বিলাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবী হোসেন তাকে বলেছে করোনা টিকার বিনিময়ে ৫০ টাকা করে নেয়ার জন্য। এরপর বিষয়টি তিনি ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসানকে অবহিত করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, টাকা নেয়ার বিষয়টি তিনি শুনেছেন। পরে তিনি ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসকদের জানিয়ে দিয়েছেন করোনা টিকা দেয়ার জন্য কোন টাকা নেয়া যাবে না।