- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে ত্রাণের নামে টাকা আদায়ের অভিযোগ- চেয়ারম্যানের বাড়ী ঘেরাও চাঁদা আদায়কারীকে মারধর

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে ত্রাণ সহায়তার নামে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে ইউপি চেয়ারম্যানের নামে টাকা আদায়ের অভিযোগে চেয়ারম্যানের বাড়ী ঘেরাও এবং চাঁদা আদায়কারী ইউপি সদস্যার স্বামী কয়েছ মিয়াকে লামাগাঁও বাজারে মারধর করে আটক করে রেখেছে হাওরপাড়ের বিক্ষুব্ধ কৃষকরা।
গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে কাতার চ্যারিট্যাবল ট্রাষ্টের ত্রাণ সামগ্রী বিতরণকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে সরসরি অভিযোগ করেন ত্রাণ নিতে আসা ২৯৬ জন নারী পুরুষ। তারা অভিযোগ করে বলেন, ত্রাণ সহায়তার নামে ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকারের কথা বলে রামসিংহপুর গ্রামের মর্তূজ আলীর পুত্র খোকন মিয়া, মোয়াজ্জেমপুর গ্রামের তপন তালুকদার ও ইউপি সদস্যা হাফসা আক্তার ও তার স্বামী কয়েছ মিয়া ২৯৬ জন ত্রাণ গ্রহিতার কাছ থেকে জনপ্রতি ৫শ টাকা করে আদায় করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারে ইউপি সদস্যা হাফসা আক্তারের স্বামী কয়েছ মিয়াকে আটক করে রাখে বিক্ষুব্ধরা।   
একই সময়ে ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকারের মোয়াজ্জেমপুর গ্রামের বাড়ী ঘেরাও করে কৃষকরা। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থল লামাগাঁও বাজার থেকে আহত কয়েছ মিয়াকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, কাতার চ্যারিট্যাবল ট্রাষ্ট হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে  উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা সংগ্রহের জন্য। ইউনিয়নে ৯টি ওয়ার্ড থাকলেও ইউপি চেয়ারম্যান শুধুমাত্র ইউনিয়নের (১, ২ ও ৩) নং ওয়ার্ড থেকে তালিকা তৈরী করে পাঠান। তালিকায় অন্তর্ভূক্ত সুুবিধাভোগীরা গতকাল বৃহস্পতিবার ত্রাণ নিতে আসে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে। সে সময় লামাগাঁও গ্রামের নুরজামালের স্ত্রী সিরিনা বেগম, চানফর আলীর স্ত্রী আম্বিয়া বেগম, গোলাবাড়ি গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী রুমা বেগম ও সফিকুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগমসহ শত শত লোকজন অভিযোগ করে বলেন, রামসিংহপুর গ্রামের মর্তূজ আলীর পুত্র খোকন মিয়া, মোয়াজ্জেমপুর গ্রামের তপন তালুকদার ও ইউপি সদস্যা হাফসা আক্তার ও তার স্বামী কয়েছ মিয়া চেয়ারম্যান বিশ্বজিত সরকারের নামে  ত্রাণ দেয়ার কথা বলে কৃষ্টপুর, গড়েরগাঁও, মাহমুদপুর, রামসিংহপুর, দুমালসহ ১০ টি গ্রামের ২৯৬ জনের কাছ থেকে জন প্রতি ৫শত করে টাকা হাতিয়ে নেয়।  
৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ উদ্দিন বলেন, ‘ইউনিনের সব কটি ওয়ার্ডের লোকজন ক্ষতিগ্রস্ত হলেও বিশ্বজিত চেয়ারম্যান অবৈধ সুবিধা হাসিলের লক্ষ্যে তার ২ নং ওয়ার্ড সহ ১ ও ৩ নং ওয়ার্ডে বিতরণ করেছেন।’
একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল আহমেদ জানান, চেয়ারম্যান বিশ্বজিত সরকার অতিরিক্ত সুবিধা নেয়ার জন্য শুধুমাত্র ৩টি ওয়ার্ডে ত্রাণ দিয়েছে। আমি
কাতার চ্যারিটেবল ট্রাস্টের লোকজনের সহিত কথা বলেছি তারা আামাকে জানিয়েছে তারা পুরো ইউনিয়নে ত্রাণ সহায়তা দেয়ার জন্য চেয়ারম্যানের কাছে তালিকা চেয়েছিল।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার বলেন, আমার নাম ভাঙ্গিয়ে যারা টাকা আদায় করেছে তারা আমার লোক নয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত উপজেলা ত্রাণ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস জানান, ত্রাণ বিতরণ কালে ভূক্তভোগীরা তাদের কাছ থেকে ৫শটাকা করে হাতিয়ে নেয়ার বিষয়ে উপজেলা নির্বাহী  অফিসারকে জানান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে আমি জেনেছি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]