- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে থামছে না গরু চুরি, আতংকে কৃষক

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে থামছে না গরু চুরি। গত ১ মাসের ব্যবধানে তাহিরপুরে বিভিন্ন গ্রাম থেকে ৪ কৃষকের ২০ গরু চুরির ঘটনা ঘটেছে। বোরো ধান রোপণের ভর মৌসুমে অহরহ গরু চুরির ঘটনায় কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন। জানা যায়, অক্টোবর মাসের প্রথম দিকে উপজেলা বালিজুরী ইউনিয়নের তিওরজালাল গ্রামের আব্দুস সালামের বসত বাড়ি থেকে ৮টি গরু, ১৪ অক্টোবর তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড় গ্রামের কৃষক শামছুল হক এর বসত বাড়ি থেকে ৪ গরু, ও গত সোমবার মধ্য রাতে উপজেলার  সদর ঠাকুরহাঠি গ্রামের জ্যোতিষ দে’র ৪ গরু, উত্তম পুরকায়স্থের ২টি গরু ও বকুল দাসের ৪টি গরু চুরি গিয়েছে। এ ছাড়াও সীমান্ত এলাকা বাদাঘাট, উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকার একাধিক কৃষক।
গরু চুরি যাওয়া কৃষকদের  পক্ষ থেকে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে কিন্তু কৃষকরা কোনভাবেই চুরি যাওয়া গরু উদ্ধার করতে পারছেন না। সেই সাথে গরু চুরিও থামছে না। চুরি যাওয়া গরুর মালিক জামালগড় গ্রামের শামছু মিয়া বলেন, তিনি আশ-পাশের উপজেলা সহ উপজেলার বিভিন্ন স্থানে চুরি যাওয়া গরু খুঁজেছেন কিন্তু কোথাও কোন সন্ধান পাননি। অনুরূপ বক্তব্য প্রদান করেন অন্যান্য
গরু মালিকরা।  উপজেলায় হঠাৎ করে গরু চুরির প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বোর রোপণ মৌসুমে কৃষকরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, আমাদের পুলিশি অভিযান অব্যাহত আছে। গত দুদিন আগে গরু সহ এক চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

  • [১]