- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে নিম্নাঞ্চলের গ্রাম ও হাটবাজার প্লাবিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ফের পাহাড়ি ঢলের পানিতে গ্রাম, হাটবাজার পানির নীচে তলিয়ে গেছে। ভারতের মেঘালয়ে গত সোম ও মঙ্গলবার রাতভর বৃষ্টিপাতের ফলে সীমান্তের যাদুকাটা নদী উপচে নিম্নাঞ্চলের গ্রাম ও হাটবাজার প্লাবিত হচ্ছে।
বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ১০০ মিটার সড়ক ও আনোয়ারপুর-বালিজুরি রাস্তার ৫০ মিটার সড়ক পানির নীচে রয়েছে। এ অবস্থায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে কোন যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বালিজুরি গ্রামের বালিজুরি নতুন হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, বুধবার বেলা ১১টায় হঠাৎ পাহাড়ি ঢলের পানিতে বালিজুরি গ্রাম ও বালিজুরি বাজারে হাঁটু পানির উপরে হয়ে গেছে। এ অবস্থায় বালিজুরি বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। অনেক গৃহস্থের গো-শালা গো-খাদ্য পানির নীচে পড়েছে। এসময় তিনি পানি না কমলে বিদ্যালয় খোলা যাবে না বলেও তিনি জানান।
তাহিরপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ বলেন, বন্যার পানিতে তাহিরপুরে ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় পানি উঠেছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন,তাহিরপুরে ফের বন্যায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কপথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

  • [১]