আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরের সূর্যেরগাঁও গ্রামে নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় হামলা, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় দুই মহিলাসহ অন্তত ২০জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকা দুই জনকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রশাসনের কাছে বিচার চেয়ে গ্রামবাসী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় সূর্যেরগাঁও গ্রামের সুহেল মিয়া ও লক্ষীপুর গ্রামের মিলন মিয়ার মধ্যে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় মিলন মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সূর্যেরগাঁও গ্রামের সুহেলের বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে তাদেরকে দেশীয় রামদা দিয়ে এলোপাথাড়ি কুপানো হয়। এতে দু’মহিলাসহ ২০ জন গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলো বাবুল দাস (৫০), রঞ্জন দাস(১৮), পরিমল(৪৫),মিশন রানী দাস(৫০), শান্তা দাস(১৮),মঙ্গল দাস(৪০), চন্দন(২২), বাচ্চু দাস(২৫), আশরাফুল(২৫)। এদের মধ্যে বাবুল ও আশরাফুলের শারীরিক অবস্থা
আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।’