আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থীর কার্যালয়, প্রধানমন্ত্রীর ছবি, আসবাবপত্র ভাঙচুর ও কর্মীসমর্থকদের মারধরের ঘটনায় থানায় ১১ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরণ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উত্তর বড়দল ইউনিয়নের ধানের শীষ প্রার্থী আবুল কাশেমের নেতৃত্বে একদল কর্মী সমর্থক চানপুর বাজারে ধানের শীষের মিছিল নিয়ে মহড়া দিয়ে সংঘবদ্ধ হয়ে আতংক সৃষ্টি করে এক পর্যায়ে চানপুর বাজারস্থ আওয়ামীলীগ প্রার্থী জামাল উদ্দিনের অফিস ঘরে প্রবেশ করে প্রধানমন্ত্রীর ছবি, আসবাবপত্র ও অফিসঘর ভাংচুর করে। এ সময় ঘরে বসে থাকা কর্মী সমর্থকদের বেধরক মারপিট করে ৪ জনকে গুরুতর আহত করে। এ ঘটনায় এলাকায় জনমনে আতংক ও চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাটি পুলিশের নজরদারিতে রয়েছে।
এ ঘটনায় উত্তর বড়দল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিনের ছোট ভাই জাকির হোসেন বাদী হয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী আবুল কাশেম সহ ১১ জনকে আসামী করে শুক্রবার বিকালে তাহিরপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন, ইউনিয়নের বারহাল গ্রামের রুহুল আমিন(৪০), জহুর আলম(৩৫), বাহার মিয়া(৪২), রজনীলাইন গ্রামের মনু মিয়া(৫০), আফিল উদ্দিন(৫৫), মতি মিয়া(৩৫), চন্দ্রপুর গ্রামের হারুন মিয়া(৩৫), সুরাফ মিয়া(২৮), গুটিলা গ্রামের হাসিছ মিয়া(৫০), সাদেরখলা গ্রামের রতনমিয়া(৫০)।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল্লাহ বলেন, ঘটনায় তাহিরপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।
অপরদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার রাত ১১টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইকবাল হোসেন ধানের শীষ মনোনীত প্রার্থী আবুল কাশেমকে তাঁর কার্যালয়ে ডেকে এনে ১০ হাজার টাকা জরিমানা করেন।