স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থীর অফিসঘর, আসবাবপত্র ভাঙচুর ও কর্মী সমর্থকদের মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এতে আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার চানপুর গ্রামের রুকন উদ্দিন (৩০), হারুন মিয়া (২৬),আব্দুল মুতালিব(৩০),আব্দুন নূর (৩২)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টায় ইউনিয়নের চানপুর বাজারে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আবুল কাশেমের লোকজন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নানা কটুক্তিপূর্ণ শ্লোগান দিয়ে উত্তেজিত হয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জামাল উদ্দিনের অফিস ঘরে ঢুকে উপস্থিত কর্মী সমর্থকদের মারধর ও আসবাবপত্র ভাঙচুর করে বেরিয়ে যায়।
এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীসমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। ঘটনার সংবাদ পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ‘এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। এ ঘটনা সমাধানে উভয়পক্ষকে টেকেরঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে বসা হয়েছে।’