বিন্দু তালুকদার
তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম ‘পণতীর্থ’ ও লাউর এলাকার শাহ আরেফিন মোকামের রাস্তা সংস্কারে ধীর গতিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকার লোকজন ও অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম ও শাহ আরেপিন মোকাম পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার দুইটি অংশে পাঁচ কিলোমিটার করে রাস্তার সংস্কার কাজ বাস্তবায়ন করছে। তবে কাজের গতি কম থাকায় আগামী বারুনী ও শাহ আরেফিন মোকামের ওরশের আগে রাস্তার কাজ শেষ না হওয়ার আশংকা করেছেন স্থানীয়রা। ভাঙ্গা রাস্তার কারণে গত বারুনীর ন্যায় এবারো চরম বিশৃংখলার আশংকা করছেন স্থানীয় জনপ্রতিনিধি, বারুনী ও শাহ আরেফিন মোকাম পরিচালনা কমিটির লোকজন।
জানা যায়, রাস্তার বেহাল দশার কারণে গত বছর বারুনী মেলা পরিদর্শন, তীর্থ ভ্রমণ ও শাহ আরেফিন মোকামের ওরশে আসা যাওয়া করতে দুর্ভোগের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। অনেকেই সঠিক সময়ে বারুনী ও ওরশে পৌঁছতে ব্যর্থ হন। গত বছরের ৫ এপ্রিল বারুনী মেলা পরিদর্শন ও পর্যটন এলাকা পরিদর্শনে এসেছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। কিন্তু রাস্তার বেহাল দশা ও যানজটের কারণে তিনি বারুনীতে গিয়ে পৌঁছতে পারেন নি। বিশ্বম্ভরপুর উপজেলার চাতারকোনা গ্রাম থেকে পর্যটন মন্ত্রী শহরে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। রাস্তা সংস্কার কাজ দ্রুত শেষ না করলে এবারও গত বছরের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকার লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির প্রধান প্রকৌশলীর সুরারিশকৃত দুইটি প্রকল্পে অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম ও শাহ আরেপিন মোকামে যাওয়ার রাস্তায় ১০ কিলোমিটার রাস্তা সংস্কার হচ্ছে। বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে আনন্দবাজার হয়ে উপজেলার শেষ সীমানা পর্যন্ত ৫ কিলোমিটার এবং বিশ্বম্ভরপুর উপজলার শেষ প্রান্ত থেকে শাহ আরেপিন মোকাম এলাকার ঢালার ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার। কিন্তু ঠিকাদার কাজ শুরু করলেও দ্রুত কাজ শেষ করার ব্যাপারে তাদের আগ্রহ দেখা যাচ্ছে না। বরং ভাঙ্গা রাস্তার দুই পাশের মাটি খুড়ে সড়কটিকে আরো বিপজ্জনক অবস্থায় রাখা হয়েছে।
এলজিইডি সূত্র জানায়, পনতীর্থ যাওয়ার রাস্তায় বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার থেকে আনন্দপুর বাজার পর্যন্ত রাস্তা অংশে ৯০ লাখ ৫৭ হাজার ৭০৯ টাকা ব্যয়ে ২ কিলোমিটার ১০০ মিটার এবং আনন্দবাজার থেকে বিনাকুল্লি বাজারমুখি রাস্তায় ৫১ লাখ ৯২ হাজার ১৮৩ টাকা ব্যয়ে বিশ্বম্ভরপুর উপজেলার শেষ প্রান্ত পর্যন্ত ২ কিলোমিটার ৭০০ মিটার অংশে কাজ হচ্ছে। ধনপুর থেকে আনন্দ বাজার পর্যন্ত রাস্তার কাজের ঠিকাদার আবুল কাশেম জাকির। আনন্দবাজার থেকে বিন্নাকুলি বাজার মুখি রাস্তার কাজের ঠিকাদার নুরা এন্টারপ্রাইজ।
এছাড়া ৬ কোটি টাকা ব্যয়ে পলাশ এলাকা থেকে লাউড়েরগড় এলাকা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। এক বছর মেয়াদী প্রকল্পের এই কাজটি করছেন ঠিকাদার রেনু মিয়া। তিনি জানান, এক মেয়াদে তিনি এই রাস্তার কাজ মাত্র শুরু করেছেন। তবে এই রাস্তায় সবধরনের যান চলাচলে উপযোগি করে দিয়েছেন। বর্তমানে সব ধরনের যান চলাচল করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি পুরো কাজ শেষ করবেন।
শাহ আরেপিন মোকাম পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক আলম সাব্বির বলেন,‘রাস্তা প্রশস্তকরণ ও সংস্কার কাজের গতি খুবই ধীর। রাস্তা প্রশস্ত করার জন্য দুই পাশে মাত্র মাটি কাটা শুরু হয়েছে। এখনও ইট বসানো হয়নি। এরপরও শুরু হবে রাস্তার মূল কাজ। এভাবে কাজ করলে আগামী কয়েক মাসেও কাজ শেষ হবে না। সামনে ঝড়-বৃষ্টির সময় চলে আসবে। ’
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি তাহিরপুরের বাসিন্দা কাশ্মির রেজা বলেন,‘বারুনী যাওয়ার রাস্তার কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। কারণ গত বছর ভাঙ্গা চোরা রাস্তার কারণে পর্যটনমন্ত্রী বারুনীতে পৌঁছতে পারেন নি। এছাড়া বারুনীর সময় চার চাকার বড় গাড়ি চলাচলে শৃংখলার পরিবেশ তৈরি করতে হবে। না হলে বারুনীর সময় হাজার হাজার মানুষ গত বছরের ন্যায় দুর্ভোগের শিকার হবেন। ’
শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম পরিচালনা কমিটির সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,‘রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে, তবে কাজের গতি কম। এভাবে কাজ চলতে থাকলে আগামী বারুনীর আগে কোনভাবেই শেষ হবে না। বারুনীর আগে কাজ শেষ না হলে গত বছরের ন্যায় এবারো চরম বিশৃংখলা সৃষ্টি হবে। দুর্ভোগের শিকার হবেন হাজার হাজার তীর্থ যাত্রী। দ্রুত কাজ সমাপ্ত করার জন্য আমরা জোর দাবি জানাই।’
বিশ্বম্ভরপুর উপজেলার আনন্দবাজার থেকে গন্ডিয়ার ব্রিজ পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ কাজের ঠিকাদার আবুল কাশেম জাকির বলেন,‘অন্য অংশের কাজের কি খবর আমার জানা নেই। আমার অংশের কাজ আমি শুরু করেছি। দ্রুত শেষ করার চেষ্টা করব, তবে মাস খানেকের আগে শেষ করা যাবে না।’ তাহিরপুর উপজেলা অংশের ঠিকাদার নাদির মিয়ার সাথে কথা বলতে চাইলে কয়েকদিন চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন,‘ বারুনী যাওয়ার রাস্তা সংস্কার কাজ খুব ধীর গতিতে চলছে। এভাবে চললে আগামী ৬ মাসেও কাজ শেষ হবে না। কিছু দিন পরই ঝড়-বৃষ্টি শুরু হবে, রাস্তার কাজও করা যাবে না। বারুনীতে যেতে আসতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাবেন।’
বিশ্বম্ভরপুর অংশের রাস্তার কাজের বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার বলেন,‘ রাস্তার কাজের দরপত্র হওয়ার পর কার্যাদেশ দেয়া হয়েছে। ঠিকাদারদের কাজ করার জন্য বলা হচ্ছে, তারা কাজ করতে একটু দেরী করছেন। ’ আগামী বারুনী উসবের আগে কোনভাবেই রাস্তার কাজ শেষ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
তাহিরপুর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন বলেন,‘কাজগুলোর দরপত্র আহবান করা হয়েছে নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে। ইতোমধ্যে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। কাজ দ্রুত করার জন্য আমরা ঠিকাদারকে তাগিদ দেব।’
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন,‘তাহিরপুর উপজেলার লাউড়ের গড় এলাকায় দুইটি ধর্মীয় স্থান পণতীর্থ ও শাহ আরেফিন মোকামে যাওয়ার রাস্তা সংস্কার এবং প্রশস্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে। কাজ শেষ করা সম্ভব না হলেও আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব বারুনী ও ওরশের আগে সব ধরনের যানচলাচলের উপযোগি করা হবে। ’
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘ অদ্বৈত মহাপ্রভুর জন্মধাম ‘পণতীর্থ’ ও শাহ আরেফিন মোকামের ওরশ প্রতিবছরই দুই ধর্মের লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয়। এই এলাকায় আসা-যাওয়ার রাস্তাগুলো সংস্কারের জন্য বর্তমান উদ্যোগ নিয়েছে। দ্রুত যাতে রাস্তাগুলোর সংস্কার হয় সেজন্য এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হবে।’
উল্লেখ্য আগামী ২৬ মার্চ পণতীর্থ ধামে বারুণি ¯œান ও ২৭ মার্চ শাহ আরেপিনের মাজারে ওরশ অনুষ্ঠিত হবে।