স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে জাতীয় সমাজসেবা দিবসে রেজিস্ট্রার প্রতিবন্ধীদের হাতে তাদের পরিচয়পত্র তুলে দেয়া হয়েছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিমলনায়তনে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ে কমিউনিটি ডায়লগে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ খান, সাংবাদিক শওকত হাসান, সমাজকর্মী রহমত উল্লাহ, দুলাল মিয়া প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ বলেন, সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব অপরিসীম। সমাজে অনেক সমস্যাগ্রস্ত, সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশু রয়েছে। তাদের অধিকার প্রতিষ্ঠায় একজন সমাজকর্মী বিভিন্ন ভাবে সহযোগিতা করবে। এছাড়াও সরকারের পাশাপাশি সমাজের সবাইকে সমাজকর্মে এগিয়ে আসতে হবে। যে কোন মুহূর্তে ১০৯৮ নম্বরে ফ্রি-তে কল করে নারী ও শিশু সুরক্ষায় সহায়তা নিতে পারবেন। সরকারী যে সকল হেল্পলাইন চালু আছে এর মতই এই নাম্বারে কল দিলে সহায়তা ও সুপরামর্শ পাবেন। এই বিষয়টি সবাইকে জানতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজসেবার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাতা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে উপজেলা সমাজসেবা অফিস সব সময় খোলা রয়েছে। সভা শেষে উপজেলার রেজিস্টার প্রতিবন্ধীদের হাতে তাদের পরিচয়পত্র তুলে দেয়া হয়।