স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের রক্তি নদী পথে ভৈরবে পাচারকালে ২৭১ বস্তা ডিএপি সার আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। সার পাচার কাজে জড়িত থাকায় নৌকা চালক শওকত, ইকবাল ও রফিক নামে ৩ জনকে গ্রেফতার ও ৩ জনকে পলতক দেখিয়ে মোট ৬ জনের নামে তাহিরপুর থানায় শুক্রবার দুপুরে একটি মামলা দায়ের হয়েছে।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বালিজুড়ি বাজারের রাবেয়া এন্টারপ্রাইজের সত্বাধীকারী বিসিআইসি’র সার ডিলার হাফিজুর রহমান কর্তৃক ২৭১ বস্তা ডিএপি সার ভৈরবে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নৌকাসহ সার আটক করা হয়।
ডিএপি সার আটককারী তাহিরপুর থানার এএসআই আবুবক্কর সিদ্দিক সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭১ বস্তা ডিএপি সার আটক করা হয়েছে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা বলেন, সার আটকের বিষয়টি তাহিরপুর থানা অফিসার ইনচার্জ তাকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
বালিজুড়ি বাজারের রাবেয়া এন্টারপ্রাইজের সত্বাধীকারী বিসিআইসি’র নিয়োগকৃত সার ডিলার হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি বলতে পারবো না। আমার বড়ভাই আতাউর রহমান বলতে পারবেন। আপনি তো বিসিআইসি’র সার ডিলার আপনার বড় ভাই আতাউর রহমান বলবেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি মোবাইল ফোন কেটে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই নাজমুল হক বলেন, এ ঘটনায় জড়িত নৌকাচালক ৩ জনকে গ্রেফতার ও ৩ জনকে পলাতক দেখিয়ে এএসআই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মোট ৬ জনের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।