স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হাওরের বাঁধ নির্মাণ কাজের এক পিআইসিকে দিনভর থানা হাজতে রেখে সন্ধ্যা ৭টায় মুচলেকায় মুক্তি দেয়া হয়।
শনিবার সকালে উপজেলার মাটিয়ান হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে পরিদর্শনে যান তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। পরিদর্শনের সময় হাওরের ৬৩নং প্রকল্পে ড্রেসিং, দুর্মুজ ও স্লোপে ঘাস না লাগানো ও গাফিলতির অভিযোগে প্রকল্পের সভাপতি আইন উদ্দিনকে আটক করা হয়।
সন্ধ্যায় তাকে থানা পুলিশ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে ৩ দিনের মধ্যে কাজ শেষ করে দিবে মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আগামী ৩ দিনের মধ্যে কাজ শেষ করে দেবে আশ^াস দেয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।