আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে পৃথক দ’ুটি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও মহিলাসহ ১৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শিমুলতলা ও শুক্রবার ভোরে কামরাবন্দ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের আব্দুন নূর প্রতিবেশী তরিবুল্লার দোকানে গিয়ে মাতাল অবস্থায় টাকা চায়। এ সময় দোকান মালিকের ছেলে দেলোয়ার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ধারালো ছোড়া দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার চিৎকারে চাচা শফিউল্লাহ ও বাবা তরিবুল্লা দোকানের কাছে এগিয়ে আসলে তাদেরকেও আব্দুন নূর আঘাত করে। আহত দেলোয়ার হোসেন, তার চাচা শফিউল্লাহ ও তার বাবা তরিবুল্লাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত তরিবুল্লাহ (৪৭) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ঘাতক আব্দুন নূর (৩৩) কে পুলিশ তার বসতবাড়ি থেকে শুক্রবার সকালে গ্রেফতার করেছে। নিহত তরিবুল্লা’র লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে শুক্রবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের আপন দুই ভাইয়ের মধ্যে জমিজমা বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে ১০জন আহত হয়েছে। ছোট ভাই তাজু মিয়া বড় ভাই সোনালী মিয়ার ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে সোনালী মিয়ার স্ত্রী, পুত্র ও কন্যাসহ ১০ জনকে রক্তাক্ত জখম করে। আহতরা হলো, সোনালী মিয়া (৪৫),স্ত্রী পারুল (৪০),পুত্র কাওছার (২০),মেয়ে সোমা (১৯) ভাই ইসলাম উদ্দিন(৩০),ফজু মিয়া (৩০), পাবেল(১৪)।
তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।