- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে প্রধানমন্ত্রীর ছবি পুড়ানোর মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় এর ছবি আগুনে পুড়ানোর অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার বাদাঘাট বাজারের মোহাম্মদ শহীদুল ইসলামের পুত্র রাজু মিয়া (২১)।  
জানা যায়, গত ৩০ জানুয়ারি রাতে উপজেলার বাদাঘাট বাজারে কামড়াবন্দ গ্রামের হাবিব সারোয়ার আজাদ (৩৭),আলম শেখ (২০) ও রাজু মিয়া(২১) জাতির জনক বঙ্গবন্ধু শেখ       
মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় প্রেক্ষিতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাদাঘাট ইউনিয়নের বাসিন্দা ঝুমুর কৃষ্ণ তালুকদার বাদী হয়ে তাহিরপুর থানায় ৩১ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। তাৎক্ষণিক থানা পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরিভূক্ত করে রাখে। পরবর্তীতে বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি উপর মহলের নজরে আসে এবং ঘটনার ১০ দিন অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে বাদীর নিকট থেকে পুনরায় লিখিত অভিযোগ এনে মামলা রুজু করে তাহিরপুর থানা পুলিশ । গতকাল শুক্রবার সকালে মামলায় উল্লেখিত  ৩নং আসামী রাজু মিয়াকে গ্রেফতার করা হয়।  উল্লেখ্য এ ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৯ ফেব্রুয়ারি বাদীর কাছ থেকে লিখিত অভিযোগ এনে মামলা রেকর্ড করে আসামী রাজুকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

  • [১]