- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বজ্রপাতে নিহত ১, আহত ১

স্টাফ রিপোর্টর, তাহিরপুর
তাহিরপুরে আকস্মিক বজ্রপাতে শামীম জমাদ্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বালিজুরি ইউনিয়নের রামনগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া রক্তি নদীতে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত হওয়া ব্যক্তি পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার চাপলাজাল ইউনিয়নের চাপালবাড়িয়া গ্রামের আবুল কালাম জমাদ্দারের পুত্র শামীম জমাদ্দার (৩০)।
বালিজুরি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার বসতবাড়ির সম্মুখ রক্তি নদী দিয়ে শাহিনুর পরিবহন নামে একটি বাল্কহেড নৌকা বালু ভর্তি করার জন্য ফাজিলপুর যাচ্ছিল। এ সময় হঠাৎ আকস্মিক বজ্রপাতে নৌকার উপরেই পড়ে যান শামীম জমাদ্দার। এ অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আবুল কালাম জমাদ্দার বলেন, তার ছেলে আকস্মিক বজ্রপাতে নিহত হয়েছে। তাদের নৌকাটি বালিজুরি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদের বাড়ির ঘাটে বেঁধে রেখে তার ছেলেকে গাড়িতে করে নিজ বাড়ি চাপালবাড়িয়া গ্রামে নিয়ে যাচ্ছেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. সুহেল রানা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে শামীম জমাদ্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার চাপলাজাল ইউনিয়নের চাপালবাড়িয়া গ্রামে।
অপরদিকে শনিবার সকাল ৯টায় তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামে সাবিকুন্নাহার (২৫) নামে এক গৃহিণী বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি পুরানঘাট গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেক বলেন, বজ্রপাতে নিহত শামীম জমাদ্দারকে মৃত্যু সনদ দেয়া হয়েছে। অপর বজ্রপাতে আহত সাবিকুন্নাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

  • [১]