তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে গুলিভর্তি বন্দুকসহ ফেরদৌস আলম (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে মদ খেয়ে নিজ বাসায় মাতলামী করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এম এ জাহেরের ছেলে এবং
সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলমের বড় ভাই।
জানা যায়, আটককৃত ফেরদৌস আলমকে বাদাঘাট বাজার সংলগ্ন নিজ বাসায় মাদক সেবনে পরিবারের লোকজন বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সে নিজের লাইসেন্সকৃত একনালা বন্দুক দিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুরো এলাকা আতংকিত করে তুলে। তার বেপরোয়া আচরণে ও গুলির বিকট শব্দে আতংকিত হয়ে প্রতিবেশীরা তাৎক্ষণিক বাদাঘাট পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১১টার দিকে ফেরদৌস আলমকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ইংল্যান্ডের তৈরী এক নালা একটি বন্দুক, ব্যবহৃত গুলির খোসাসহ আরও ৯টি গুলি জব্দ করে।
প্রতিবেশীরা জানান, প্রতিনিয়ত বাসায় মাদক সেবন করে বাসায় থাকা লোকজনের সঙ্গে অসদাচরণ করে সে। মাদক সেবনে বাধা দিলেই সে ক্ষিপ্ত হয়ে প্রায়ই তার লাইসেন্সকৃত বন্দুক দিয়ে আতংক সৃষ্টি করতে ফাঁকা গুলিবর্ষণ করে। এই নিয়ে পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ট হয়ে পড়েছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে জানান, নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে অহেতুক জনমনে আতংক সৃষ্টি ও জননিরাপত্তা বিঘিœত করার অভিযোগে পুলিশ ফেরদৌস আলমকে গ্রেফতার করেছে। সে অস্ত্র আইনের ১২ধারা লংঘন করায় মঙ্গলবার সকালে পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে তাকে সুনামগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।