তাহিরপুর প্রতিনিধি
পূর্ব শত্রুতার জেরে তাহিরপুরে বাজারের মধ্যে প্রকাশ্যে ছুরিকাঘাত করে মো. রুবেল মিয়া (২৫) কে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষের এক যুবক। ছুরিকাঘাতে গুরুতর আহত মো. রুবেল মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। গুরুতর আহত রুবেল মিয়াকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শনিবার বিকালে বালিয়াঘাট নতুন বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মোস্তফার মিয়ার ছেলে মনির মিয়ার সঙ্গে প্রায় ৬ মাস আগে ফুটবল খেলা নিয়ে মাঠে রুবেল মিয়ার সঙ্গে ঝগড়া হয়। এই নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। পরে গ্রামবাসী বিষয়টি নিয়ে শালিসের মাধ্যমে নিষ্পত্তি করে দেয়। এক সপ্তাহ আগে মনির মিয়া সহ তার লোকজন রুবেল মিয়া কে শ্রীপুর বাজারে মারার চেষ্টা করলে বাজারের লোকজন প্রতিহত করেন। রুবেল মিয়া এ ব্যাপারে তাহিরপুর থানায় মনির মিয়া সহ কয়েকজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর গত ৫ দিন আগে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে। এরই জের ধরে শনিবার বিকালে বালিয়াঘাট নতুন বাজারের মেইন রোডে মো. রুবেল মিয়া কে একা পেয়ে ছুরি দিয়ে পিটে, কোমরে এবং হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রাণে মারার চেষ্টা করা হয়। একপর্যায়ে বাজারের লোকজন এগিয়ে আসলে মনির মিয়া দূরে পালিয়ে যায়।
তাহিরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুমন বর্মন বলেন, রোগির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে রুবেল মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ বিষয় তদন্ত করছে। শুনেছি শনিবার বিকালে রুবেল মিয়াকে মনির মিয়া বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।