- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বালি দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের অভিযোগ

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে বালু দিয়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে উপজেলার মাটিয়ান হাওর উন্নয়ন প্রকল্পের অধীনে তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের তাজুল ইসলামের বাড়ি সংলগ্ন ভাঙার খালটি বালু দিয়ে ভরাট করে সেখানে বাঁধের কাজ করছেন শ্রমিকরা।

প্রতি বছরই এখানে খাল ভরাট করে বাঁধ নির্মাণ করা হয় ফসল রক্ষায়। আবার বর্ষা মৌসুম শেষ বাঁধ কেটে দেওয়া হয়। পাউবোর নিয়মানুযায়ী হাওরের ফসল রক্ষা বাঁধের গোড়া থেকে হিসাব করে এক হাজার মিটার দূর থেকে মাটি এনে ফেলার কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চেয়ারম্যান বাঁধ এলাকার গা-ঘেঁষে বালু তুলে ভাঙার খালটি ভরাট করছেন। এতে করে একদিকে বাঁধের কাজ দুর্বল হচ্ছে, অন্যদিকে পিআইসির সভাপতি, সদস্যরা দুই পয়সা কামিয়ে নিচ্ছেন।

২০২০-২১ অর্থবছরে এ বাঁধ নির্মাণের জন্য ২৪ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেয় পাউবো। প্রকল্প কাজের সভাপতি করা হয়েছে ধরুন্দ গ্রামের মলাই মিয়াকে।

এলাকাবাসীর অভিযোগ, মাটিয়ান হাওরের ৭৮ নম্বর প্রকল্পে পাউবো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে। ওই কাজে পাউবোর কর্মকর্তারা প্রকল্প স্থানে না এসে অফিসে বসেই প্রাক্কলন তৈরি করেছেন।

বাঁধসংলগ্ন তাহিরপুর সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুছ ছত্তার বলেন, তাহিরপুর সদর ইউনিয়ন ও বাদাঘাট ইউনিয়ন মিলে ধরুন্দ বাঁধ এলাকাটির অবস্থান। কিন্তু প্রতি বছর পিআইসি গঠন করা হয় শুধু বাদাঘাট ইউনিয়নের লোকজন দিয়ে। তাহিরপুর সদর ইউনিয়নের একজন সদস্য পর্যন্ত রাখা হয় না। যে কারণে পিআইসি তার মনমতো কোনো রকম বাঁধের কাজ করেন। বাঁধটি তাদের গ্রামের পাশে থাকার কারণে দূর্যোগের সময় তারাই স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করে থাকেন।

একই গ্রামের ছাদু মিয়া জানালেন, এবার মাটিয়ান হাওরের ধরুন্দ বাঁধের কাজ বালু দিয়ে করায় তারা খুবই দুশ্চিন্তায় আছেন। নদীতে আগাম পানি এলে যে কোনো সময় বাঁধ ভেঙে হাওরে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বালু দিয়ে কিছুতেই বাঁধ তৈরি করা যাবে না। বালু দিয়ে বাঁধ তৈরি করলে যে কোনো সময় বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে যাবে।

মাটিয়ান হাওরের ৭৮ নম্বর প্রকল্পের চেয়ারম্যান মলাই মিয়া বলেন, কাজটি উদ্বোধনের জন্য প্রথম দিন বালু দিয়ে শুরু করেছিলাম। পরে আবার কাজ বন্ধ রেখেছি।

তাহিরপুর ইউএনও পদ্মাসন সিংহ বলেন, খোঁজ নিয়ে দেখব। বালু দিয়ে বাঁধ তৈরি করে থাকলে তা সরিয়ে ফের পিআইসি করে কাজটি মাটি দিয়ে করানো হবে।

  • [১]