- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

তাহিরপুরে বালুভর্তি নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন করে রক্তি নদী দিয়ে পরিবহনের সময় বালু ভর্তি একটি স্টিল বডি নৌকা ও একটি কাঠের নৌকা জব্দ করেছে তাহিরপুর থানা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক রক্তি নদী তীরবর্তী আনোয়ারপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতি রাতেই ১০ থেকে ১২টি বালু ভর্তি স্টিল বডি নৌকা যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন করে। এরপর রক্তি নদীর ব্রীজ আনোয়ারপুর সেতুর নীচ দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার জানান, বৃহস্পতিবার রাত ৯টায় যাদুকাটা নদীতে টহল পুলিশ এলে দুটি নৌকা তারা আটক করেন। এ সময় আরো ৮/১০ টি নৌকা ইঞ্জিন চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু বলেন, সারা দেশে ইজারা বহির্ভূত কোন মহালে বালু, পাথর উত্তোলন করা যাবে না মর্মে সরকারি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় যাদুকাটা নদী থেকে প্রতিরাতেই ১০/১২টি বালুর নৌকা কিভাবে নদী দিয়ে পরিবহন করে বিষয়টি তার নিকট বোধগম্য নয়।
তাহিরপুর থানার এস আই সুজন শ্যাম বলেন, তারা একটি নৌকা আটক করেছেন। বিস্তারিত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার আলমাছ মিয়ার সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি জানান।
বালিজুড়ি ইউনিয়নে দায়িত্বরত তাহিরপুর থানার এসআই আলমাছ মিয়া বলেন, রক্তি নদী থেকে বালুভর্তি একটি স্টিল বডি নৌকা ও একটি কাঠের নৌকা আটক করা হয়েছে। এসময় আরো ৭/৮টি নৌকা ইঞ্জিন চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, বৃহস্পতিবার রাতে থানা পুলিশ বালু বোঝাইকৃত একটি স্টিল বডি নৌকা জব্দ করেছে।

  • [১]